ফেইসবুক পেজে পোস্ট, আছে জুমা-আম্মার
পুলিশের সাথে সংঘর্ষ, ইনকিলাব মঞ্চের ৩০ জন আহত
ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ও জনপ্রিয় ছাত্র নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অনেকে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভ করছিলেন।
তারা বিকেল ৪টার দিকে সেখান থেকে যমুনার দিকে অগ্রসর হলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। এ সময় ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে জানা যায়, সংঘর্ষে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অনেককে বুট জুতা দিয়ে পারানো হয়েছে বলেও একটি সূত্র জানায়।
যারা চিকিৎসা নিচ্ছেন তারা হলেন: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা, রাকসুর নেতা সালাউদ্দিন আম্মার, মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশাররফ, নিলয়, অনিক, উমর, রাহাত, রাসেল, আহাদ, মাহিন, আজাদ, শামিম, সোহেল, শাওন, জাবেদ ও শামিম।
যদিও বিকেল সোয়া ৪টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুকে এক পোস্টে দাবি করা হয়, ‘জাবের গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) ফারুক গণমাধ্যমে বলেন, ইনকিলাব মঞ্চের অনেক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৩৫ জন হতে পারে। এই সংখ্যা আরও বাড়তেও পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এদের মধ্যে কেউ গুরুতর আহত নন।






আপনার মতামত লিখুন