সড়ক পরিবহন মন্ত্রীর চ্যালেঞ্জ: বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না

অনলাইন নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১১:১১ পিএম
সড়ক পরিবহন মন্ত্রীর চ্যালেঞ্জ: বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এই দাবি করেন।

যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোর কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জনভোগান্তি কমাতে আগামীতে এসব যত্রতত্র কাউন্টার স্থাপন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বাড়তি ভাড়া আদায় রোধে ইতিমধ্যে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

সড়কমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে শেখ রবিউল আলম বলেন, তাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে, আমি আপনাদের (সাংবাদিক) সামনে চ্যালেঞ্জ করছি। তথ্য নিয়ে আসতে পারেন, আমাদের কাছেও তথ্য আছে, ওপেন ডিবেট হবে।

এ-সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...