রাজেন্দ্র কলেজের পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ
ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের দৃষ্টিনন্দন পুকুরের একটি অংশ ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, পুকুরের পূর্বপাশে বীর মুক্তিযোদ্ধা নওফেল গেটসংলগ্ন এলাকায় ধীরে ধীরে দখল প্রক্রিয়া চলছিল, যা এখন পাকা স্থাপনা নির্মাণের পর্যায়ে পৌঁছেছে। সরেজমিনে দেখা গেছে, সেখানে মাটি ফেলে পুকুরের অংশ ভরাট করা হয়েছে এবং আরসিসি পিলার বসানোর প্রস্তুতি হিসেবে একাধিক বড় গর্ত খোঁড়া হয়েছে। এর আগে ওই এলাকায় ঝুপড়ি ও টিনশেড দোকান নির্মাণ করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার সংশ্লিষ্টতায় এ নির্মাণকাজ এগোচ্ছিল। তবে অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ফরিদপুর পৌরসভার পুরোনো লিজকৃত জমিতে বৈধভাবেই স্থাপনা নির্মাণ করছেন।
জানা যায়, ২০১১-১২ সালে সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর স্বাক্ষরে শাহীন তালুকদার ও মেহেদী হাসান শামীম তালুকদারের নামে ওই জায়গা লিজ দেওয়া হয়। বর্তমানে মেহেদী হাসান শামীম তালুকদার দাবি করেন, লিজ নেওয়া জমিতেই কাজ করা হচ্ছে এবং কলেজের কোনো জমি দখল করা হয়নি।
এদিকে কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম অভিযোগ করে বলেন, পৌরসভার লিজের বাইরে কলেজের জায়গাও দখল করা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে স্থায়ীভাবে ক্ষতি হয়ে যাবে। এতে পুকুরের পরিবেশ ও কলেজের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফরিদপুর পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সোহরাব হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি পুরোনো লিজের কাগজ দেখানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঈদের পর লিজ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এভাবে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।




আপনার মতামত লিখুন