৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরানোর নির্দেশ
ঢাকা মহানগরীর ভেতরে তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (৫ এপ্রিল) রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার কাউন্টার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সকল আন্তঃজেলা বাস মালিককে অবগতির জন্য জানানো যাচ্ছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা প্রয়োজন।
এতে বলা হয়, অনুমোদনহীন/অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী উঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৭ কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ব্যতীত অন্য কোনো স্থানে উক্ত কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসকল আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে তা সংশ্লিষ্ট সকলকে স্ব-উদ্যোগে অপসারণ/উচ্ছেদ করার জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়, অন্যথায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপির বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে সামারি ট্রায়াল/মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন