রাজারহাটে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন
তিস্তা নদীর ভাঙন থেকে পলাশপুর গ্রাম রক্ষা ও ভাঙেন ক্ষতিগ্রস্থ পরিবারে ক্ষতি পুরণে দাবিতে ক্ষতিগ্রস্থ পরিবারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে প্রায় ১১৫ কিলোমিটার প্রবাহিত হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।
তিনি আরও বলেন, তিস্তার দুই তীরের বিস্তীর্ণ এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করে, যারা প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছেন। এতে হাজার হাজার মানুষ বসতভিটা ও জীবিকা হারাচ্ছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বকসী, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলামসহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মোকসেদ আলী ও মাহবুবুর রহমান প্রমুখ।




আপনার মতামত লিখুন