খুঁজুন

শ্রীপুরে জিয়ার স্মৃতিবিজড়িত চৌক্কার খাল খনন কাজে লুট-পাটের অভিযোগ

মোঃ রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
শ্রীপুরে জিয়ার স্মৃতিবিজড়িত চৌক্কার খাল খনন কাজে লুট-পাটের অভিযোগ

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে।

৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে। কারণ, ইতিমধ্যে আগের অবস্থায় ফিরে গেছে চৌক্কার খাল।

এক মাস আগে ঢাকঢোল পিটিয়ে চৌক্কার খাল আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসে আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন।

তবে কোনো ধরনের অবৈধ দখল উচ্ছেদ ছাড়াই এক্সকাভেটরের মাধ্যমে নামমাত্র খনন করা হয়। খননের এক সপ্তাহ পর খালটি আগের অবস্থায় ফিরে আসে।

সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখা যায়, এই খাল যে খনন হয়েছে সেটা বোঝারই উপায় নেই। খালের বেশির ভাগ অংশ ময়লা বর্জ্য ও মাটি দিয়ে ভরে গেছে। কোনে কোনো স্থানে খননের চিহ্ন ছিটেফোঁটা পর্যন্ত নেই। শুধু কিছু কাদামাটি পাড়ে জমা করা হয়েছে। ইতিমধ্যে সেগুলোও পুনরায় খালে চলে গিয়ে খাল ভরাট হতে শুরু করেছে।

আশপাশের শিল্পমালিকদের জবরদখলে থাকা অংশে খননে হাত দেওয়া হয়নি।
নামমাত্র খননের কারণে খালের চিত্র আগের মতোই। ময়লা বর্জ্য দিয়ে ইতিমধ্যে খাল ভরাট হয়ে আগের অবস্থায় ফিরে এসেছে।

জনগণের টাকা লুটপাট করছে। খালপাড়ে গিয়ে মনে হয় না খনন করা হয়েছে। এক সপ্তাহ পর খালের অবস্থা একই। কিছু কাদামাটি তোলা হয়েছে তীরে। বৃষ্টিতে আবার খালে গিয়ে ভরাট হয়েছে। এখন দেখি কোদাল দিয়ে সেগুলো ওপরে ওঠানো হচ্ছে।’

জিয়াউর রহমানের আমলের চৌক্কার খাল খনন নিয়ে কথা হয় আব্দুল হেলিমের সঙ্গে। সেই সময় শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন তিনি। বলেন, ‘এত বেশি ভালো মনে নেই। তখন আমি ইউনিয়ন পরিষদের মেম্বার। বৃষ্টিতে হঠাৎ করে আশপাশের ফসলি জমি, বসতবাড়ি পানিতে তলিয়ে যেত। এসব সমস্যার কথা উল্লেখ্য করে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। বরাদ্দ হওয়ার পর ১৯৭৮ সালের দিকে খালটি খননের জন্য সরাসরি এলাকায় এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শ্রমিকদের সঙ্গে নিজ হাতে মাটি কাটায় অংশ নেন। আমার পরিষ্কার মনে আছে, আমি মেম্বার হিসেবে খাল খনন কমিটির সাধারণ সম্পাদক ছিলাম।’

বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই প্রবীণ বলেন, ‘দীর্ঘ বছরে খালটি দখল দূষণে শেষ। হঠাৎ করে জানলাম পুনঃখনন হবে। খুবই খুশি হয়েছিলাম খবরটি শুনে। কিন্তু কিসের খনন হচ্ছে। এটা তো দেখছি ডাকাতি। নামমাত্র খনন করে টাকাগুলো দুর্নীতির মাধ্যমে পকেটে ভরা। যে খাল খননের অতিরিক্ত গম সরকারের কোষাগারে জমা দিয়েছি, সেই খাল পুনঃখননে লুটপাট হচ্ছে।’

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলামের দাবি, ‘আমরা এখনো খননকাজ শেষ করিনি। যে জায়গায় এক্সকাভেটর দিয়ে সম্ভব হচ্ছে না সেই জায়গায় কোদাল দিয়ে খনন হচ্ছে। অনিয়মের বিষয়টি পুরোপুরি সঠিক নয়।’

এ বিষয়ে জানতে চাইলে নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, ‘চৌক্কার খালটি অপরিকল্পিত নগরায়ণের মূল্য দিচ্ছে। কৃষক ও সাধারণ মানুষ এর মূল্য দিচ্ছে। তলানি জমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই শিল্পাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে এখন যেটা হচ্ছে সেটা কেমন খাল খনন? ছোট্ট কোদাল হাতে দুজন শ্রমিক খালের মাঝখানে দাঁড়িয়ে মাটি সরাচ্ছে। এটা হাস্যকর।’

প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘খননের অনিয়মের তথ্য পেয়েছি। সরেজমিনে পরিদর্শন শেষে বিস্তারিত জানাতে পারব।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খাল খননে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বর্তমান সরকার নদনদী, খাল খননে খুবই গুরুত্ব দিচ্ছে। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খালটিকে অগ্রাধিকার ভিত্তিতে খনন হচ্ছে। এখানে একচুল পরিমাণ নয়ছয় করার সুযোগ নেই।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু