খুঁজুন

অনৈতিকভাবে হাতিয়েছেন অর্ধশত কোটি টাকা

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ যেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার টাকা কামানোর মেশিন !

মোঃ কামরুল ইসলাম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ যেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার টাকা কামানোর মেশিন !

গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকা অবস্থিত টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে চরম অনিয়ম, দূর্নীতি ও ফেল করানোর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের নিপীড়নের প্রতীক বানিয়ে তুলেছেন প্রতিষ্ঠানটির বর্তমান বিতর্কিত অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া।

এ বিষয়ে সাম্প্রতিক অনুসন্ধান ও নথি পর্যালোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে উঠে এসেছে আলাউদ্দিন মিয়ার ভয়াবহ দূর্নীতি ও অপতৎপরতার চিত্র।

অনুসন্ধানে জানা গেছে- ২০০৯ সালে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পৃষ্ঠপোষকতায় বিধিবহির্ভূতভাবে স্কুল কমিটির অভিভাবক সদস্য থেকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের পদ বাগিয়ে নেন আলাউদ্দিন মিয়া৷

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে দেদারসে চালিয়ে গেছেন একের পর এক জালিয়াতি, দূর্নীতি, ও অনিয়মের। অদ্যবধি হাতিয়ে নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা।

২০১৩ সালে বিদ্যালয়টিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগবিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো সহকারী শিক্ষক পদের নিয়োগ। কিন্ত তাদের অনেককেই প্রভাষক পদে নিয়োগ প্রদান করেন আলাউদ্দিন। বেতন স্কেলও দেয়া হয় প্রভাষক সমমানের। কিন্ত ক্লাস নেয়ানো হয় বিদ্যালয়টির স্কুল শাখার।

ওদিকে ২০১৮ সালের পরে বিদ্যালয়টিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের কোন বিজ্ঞপ্তিই প্রকাশ করেননি অধ্যক্ষ আলাউদ্দিন। তাদের দেয়া হয়নি কোন নিয়োগপত্র। জানা গেছে এসব নিয়োগে কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। এই অনিয়ম প্রকাশ্যে আসার ভয়ে রেজুলেশন বইও রেখেছেন গায়েব করে৷

সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসন নোটিশ জারী করে টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের, নিয়োগবিজ্ঞপ্তি, রেজুলেশন ও নিয়োগপত্র তলব করলেও তা দেখাতে পারেননি আলাউদ্দিন। ফলে গত ২ মাস ধরে প্রতিষ্ঠানটির সকল শিক্ষকদের বেতন বন্ধ রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

অনুসন্ধানে বেরিয়ে আসা অধ্যক্ষ আলাউদ্দিনের অন্যতম বড় জালিয়াতি হলো- টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে এমপিওভুক্ত যেসব শিক্ষক চাকরি ছেড়ে দিয়েছেন বা মারা গেছেন তাদের নাম এমপিও শীট থেকে কেটে না দিয়ে সরকারের সাথে জালিয়াতি করে নিজের মত করে নিয়োগ দিচ্ছেন।

এমন অন্তত ২৫ জন শিক্ষকের নাম এখনও এমপিও শীটে তুলে রেখেছেন আলাউদ্দিন যার মধ্যে মারা গেছেন এমন শিক্ষকও আছেন। সরকারি বিধি অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক চাকরি ছেড়ে দিলে তার বদলে সরকারিভাবে সে পদে নতুন শিক্ষক আসবে। কিন্ত জালিয়াতি করে অধ্যক্ষ আলাউদ্দিন এমপিও শীট থেকে বিদায়ী শিক্ষকদের নাম না কেটে সেখানে অর্থ বাণিজ্যের বিনিময়ে নিজের মতো করে নিয়োগ দেন৷

এছাড়া আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- স্কুল মাঠের জমিতে মার্কেট নির্মাণ করে ৪৪ টি দোকানের প্রতিটি দোকান মূলত বিক্রি করেছেন ৩০-৩৫ লক্ষ টাকায়। কিন্ত দলিল করেছেন ১০/১২ লক্ষ টাকার। এভাবে তিনি ভয়াবহ জালিয়াতি করেছেন স্কুল ও সরকার উভয়ের সাথেই৷ এ খাতে তিনি হাতিয়েছেন কয়েক কোটি টাকা৷

ওদিকে সরকারি খরচে নির্মিত স্কুলের মোজাইক করা কয়েকটি ভবন অপ্রয়োজনীয়ভাবে ভেঙ্গে নিজ স্বার্থে টাইলস বসিয়ে নিজের মন মতো বিল বানিয়ে অর্থ হাতিয়েছেন বলেও অভিযোগ আসে। শুধু তাই নয়, নিজের জন্য বানিয়েছেন রাজদরবার সমতূল্য সুবিশাল অফিস কক্ষ। সেই অফিস কক্ষের সাথে রয়েছে একটি গোপন ঘর যা আয়নাঘর হিসেবে খ্যাত। সেই আয়না ঘরেই নিজের যাবতীয় দূর্নীতির বৈঠকসহ বিভিন্ন অপকর্মের নীলনকশা করেন তিনি৷

মহামারী করোনাকালে স্কুল কলেজ যখন বন্ধ ছিলো তখন শিক্ষকদের বেতন না দিয়ে স্কুলের সৌন্দর্য বর্ধনের নামে সকল ক্লাসকক্ষে রং করিয়েছেন নিজের মত বিল বানিয়ে, যদিও তখন ক্লাসই হচ্ছিলো না।

ওদিকে উন্নয়নের নামে এসব কাজে কোন রকম টেন্ডার না দিয়ে নিজেই গায়ের জোরে বিধিবহির্ভূতভাবে ঠুনকো কাজ দেখিয়ে বিদ্যালয় ফান্ডের মোটা অংকের টাকা সরিয়েছেন। এসব কাজে প্রায় ৮ কোটি টাকা গায়েব করার অভিযোগ আছে আলাউদ্দিনের বিরুদ্ধে।

অধ্যক্ষ আলাউদ্দিনের ভয়াবহ দূর্নীতি ও অপতৎপরতা থেকে রেহাই পায়নি কোমলমতি শিক্ষার্থীরাও। প্রতি বছর দশম শ্রেনীর প্রায় ১০০ পরীক্ষার্থীকে পরিকল্পিতভাবে ৫ থেকে ৮ বিষয়ে ফেল করিয়ে প্রত্যেককে একপ্রকার জিম্মি করে জনপ্রতি ২০ হাজার টাকা করে কোচিং ফি আদায় করেন জালিয়াত অধ্যক্ষ আলাউদ্দিন।

এমনকি ২০ হাজার টাকা না দেয়ায় ফেল করানো হয়েছে এমন অসংখ্য শিক্ষার্থীর আবেদনের নথিও এসেছে প্রতিবেদকের হাতে। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা গেছে, অধ্যক্ষ আলাউদ্দিনের সহযোগিতায় ও তাকে মাসোয়ারা দিয়ে আবু জাফর আহমেদ ও আমজাদ হোসেন নামের ২জন শিক্ষক সনদ জালিয়াতি করেও স্কুলটিতে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন।

আর এভাবেই বছরের পর বছর ধরে গোটা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে নিজের জালিয়াতি, দূর্নীতি, ও অনিয়মের আখড়ায় পরিণত করেছেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া। অনৈতিকভাবে নিজের প্রভাব খাটিয়ে এভাবেই হাতিয়েছেন কোটি কোটি টাকা।

তাই এ ব্যাপারে অতিদ্রুত তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে আলাউদ্দিনের রাহু মুক্ত করার দাবি সচেতন মহলের৷

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু