বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী
গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন- এমন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া ১৫০ কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং বিভিন্ন আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। তিনি বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার ‘বিশেষ আর্থিক প্রণোদনা’ও পাচ্ছেন।
এ বিষয়ে বুধবার (১ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া ১৫০ কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত কর্মকর্তাকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হবে। পাশাপাশি তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতির ভিত্তিতে বিধি অনুযায়ী প্রাপ্য বকেয়া বেতন-ভাতা এবং আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে। যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনারও ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয়েছিল। নতুন আদেশে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে বয়সসীমা পূর্তির পর স্বাভাবিক অবসর প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে প্রাপ্য বকেয়া বেতন-ভাতার পাশাপাশি নির্ধারিত মেয়াদের জন্য মেজর জেনারেল পদমর্যাদার বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
এছাড়া বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে। একই সঙ্গে বয়স ও যোগ্যতা সাপেক্ষে তাকে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধাপ্রাপ্ত ১৫০ সামরিক কর্মকর্তার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে।





আপনার মতামত লিখুন