রাজধানীতে ‘ভইরা-দে’ গ্রুপের, রজ্জব-টুন্ডা হাসানসহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’–এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে রজ্জব ও টুন্ডা হাসানসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের ভিডিও ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রোববার (৫ জুলাই) রাতে পল্লবী থানার এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং শাহা পরান (২৩)।
র্যাব জানায়, এর আগে গত ১৭ জুন ও ৪ জুলাই একই গ্রুপের পারভেজ, টান আকাশ, শিশির আহমেদ ইমন, আব্দুল্লাহ ও আল আমিনসহ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ পর্যন্ত ভইরা-দে গ্রুপের ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিরপুর ও পল্লবী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপটির সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র ও শোডাউনের ভিডিও প্রচার করে এলাকায় ভীতি সৃষ্টি করছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া টুন্ডা হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাং দমনে র্যাবের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।





আপনার মতামত লিখুন