খুঁজুন

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঝিনাইদহ শহরের প্রবেশমুখে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য ভাঙার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে, নাকি অন্যত্র স্থানান্তর করা হবে- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বুধবার।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার ভাস্কর্যটি অন্যত্র স্থানান্তরের প্রশাসনিক ভাবনা মেনে নিতে নারাজ। পরিবারের দাবি, যেখানে ভাস্কর্যটি ছিল, সেখানেই এটি পুনরায় স্থাপন করতে হবে।

গত ১৪ জুলাই অনলাইনে এবং ১৫ জুলাই জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ‘ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য কে ভাঙছে জানে না কেউ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের দাবি হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথাযথ মূল্যায়ন করে নির্দিষ্ট জায়গায় ভাস্কর্য নির্মাণ করা। বর্তমানে যে ভাস্কর্যটি ভাঙছে, সেটি আদৌ বীরশ্রেষ্ঠ ভাস্কর্য না। ভাঙা বিষয়ে ‍মুক্তিযোদ্ধাদের কোন আপত্তিও নাই। যেহেতু এটি নিয়ে নানা সমালোচনা হচ্ছে, তাই আপাতত এটি ভাঙার কাজ বন্ধ করেছি। মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ নামে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই বিষয়ে আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বুধবার। সেখানে মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নেওয়া হবে। কোন জায়গায় এটি নির্মিত হবে, তা নিয়েও আলোচনা হবে।’

আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে গিয়ে দেখা যায়, ভাস্কর্যটির বিভিন্ন অংশ ভাঙা। বেদির ভাঙা অংশ থেকে ঢালাইয়ের লোহা বের হয়ে আছে। এদিন সেখানে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।

স্থানীয় কয়েকজন ইজিবাইকচালক জানান, কয়েক দিন ধরে ভাঙার কাজ চলছিল। গতকাল শনিবার থেকে আর ভাঙতে দেখছেন না। প্রশাসন এটি ওই স্থান থেকে সরিয়ে ফেলতে পারে বলেও শুনেছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের সরকার পতনের পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এ ভাস্কর্যটি হামলার শিকার হয়।

কয়েক বছর পার হলেও অজ্ঞাত কারণে ভাস্কর্যটির সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি। এর মধ্যে দুই দফা মেয়র পরিবর্তন ও দুই দফা প্রশাসক নিয়োগ হলেও চত্বরের কাজ শেষ হয়নি। কাজ শেষ না হওয়ায় ভাস্কর্যের সম্পূর্ণ আকৃতিও ছিল না। দীর্ঘদিন অবহেলায় ফেলে রাখায় চত্বরে সৌন্দর্যবর্ধনের গাছের পরিবর্তে আগাছা জন্মায়।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, ‘তৎকালীন পৌরসভার মেয়র ভাস্কর্যটি নির্মাণের জন্য আমাদের কাছে অনুমতি নিয়েছিলেন। এমনকি কাজের উদ্বোধনী অনুষ্ঠানের সময় আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ এখন ভেঙে ফেলার আগে আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করলো না। পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাপে পড়ে আমাদের জানানো হয়েছে, ভাস্কর্যটি ঝিনাইদহ জেলা শহরের শহীদ মিনারের পাশের গোলচত্বরে স্থাপন করা হবে। কিন্তু সেখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল। সরকার পরিবর্তনের পর সেটি ভেঙে ফেলা হয়েছে। সেই স্থানে আমার চাচা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হলে ভবিষ্যতে আবারও আঘাতের শঙ্কা থাকবে। আমরা এটি মেনে নেব না।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘ভাস্কর্যটি ভেঙে যে ক্ষতি করা হয়েছে, তা পূরণ হওয়ার নয়। অন্য কোথাও নয়, জেলা শহরের প্রবেশদ্বারেই এটি পুনঃস্থাপন করতে হবে। কারণ এটিই ঝিনাইদহের পরিচয় বহন করে এবং নতুন প্রজন্ম এ জেলার প্রবেশমুখেই একজন বীরশ্রেষ্ঠের ইতিহাস জানতে পারবে। অন্য কোথাও স্থাপন করা হলে পরিবারের পক্ষ থেকে তা মেনে নেওয়া হবে না।’

সচেতন মহলের বক্তব্য, ভাস্কর্য অপসারণের ঘটনাকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে মূলত এর পেছনের কারণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতার কারণে।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

“একটি গাছ একটি প্রাণ, সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” স্লোগানকে সামনে রেখে শিক্ষা, মানবতা ও সমৃদ্ধির পতাকাবাহী সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী সভ্যতার ভবানীগঞ্জ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সংগঠনটির সকলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভবানীগঞ্জ ইউনিয়নের জিয়ার খালের দুই পাড়ে সংগঠনটির একঝাঁক তরুণদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি পালন করা হয়।

এসময় অমলকি, জলপাই, তেতুল, হরিতকি, অর্জুন, চালতা, আতা সহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় যুবসম্প্রদায় সহ সভ্যতার ভবানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা নিয়মিত এমন উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি মনে করছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সোনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায়। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যা সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারতবিরোধী নন এবং নিজে এমন কোনও বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোনি বলেন, ‘আমি এ বিষয়ে খুবই আশাবাদী’। তার মতে, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) যদি না আসেন, তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউই এই সুযোগ হারাতে চাই না। তাই আমি বেশ আশাবাদী।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান দিল্লিতে গেলে সেটি হবে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তার প্রথম ভারত সফর। সফর নিয়ে আলোচনা চললেও এখনও কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক ফেসবুকে সরকারের সমালোচনা: ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার প্রবাসীর পাল্টা অভিযোগ: খাসির জন্য নয়, ১০ গুণ দেনমোহর ধরায় ভেঙেছে বিয়ে