গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, যৌথ টহল এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রশাসনিক ভবন, স্মৃতিস্তম্ভ এবং অনুষ্ঠানস্থলকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে গুজব বা উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তিনি।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির মোতায়েন অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।







আপনার মতামত লিখুন