বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে এই দিবসের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, মাওলানা আবুল হাসেম সরকার, যুব শক্তির বেলকুচি আহ্বায়ক মনিরুল ইসলাম মনি সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ, রচনা প্রতিযোগিতা সহ নানা বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস সচেতনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে সকালে উপজেলার আজুগড়া কবরস্থানে দুই শহীদের কবরস্থান জিয়ারত করেন উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপি।






আপনার মতামত লিখুন