র্যাব সদরদপ্তর নির্মাণের জন্য ১৭২ কোটি টাকা অনুমোদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ১১ তলা সদরদপ্তর নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে সরকার। এ ভবন নির্মাণে ব্যয় হবে ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘র্যাব ফোর্সেস সদরদপ্তর নির্মাণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণের প্রস্তাব উপস্থাপন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)।
ভবন নির্মাণের সিভিল কাজের জন্য ই-জিপি (e-GP) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ১০টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে ছয়টি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন শেষে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে কাজ দেওয়ার সুপারিশ করে দরপত্র মূল্যায়ন কমিটি। তাদের প্রস্তাবিত ব্যয় ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা। মন্ত্রিসভা কমিটির বৈঠকে সেই সুপারিশই অনুমোদন করা হয়।
প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব ২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রকল্পের আওতায় ১৫ তলা ভিত্তির ওপর ১১ তলা র্যাব সদরদপ্তর নির্মাণ করা হবে। ভবনটিতে র্যাবের মহাপরিচালকের (ডিজি) কার্যালয়সহ প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রশাসনিক সুবিধা থাকবে। এছাড়া ভবনের নিচে তিনটি বেজমেন্ট এবং নিচতলায় পার্কিং সুবিধা রাখা হবে।
সদরদপ্তর নির্মাণ প্রকল্পে আরও থাকছে তিনতলা ম্যাগাজিন ও আদালত ভবন, তিনতলা সাব-সেন্টার ভবন, গুদাম, পাম্প ও জলাধার, গভীর নলকূপ, পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার স্থান এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা।
এ ছাড়া সালাম গ্রহণের প্ল্যাটফর্ম, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, বহিরাগত বৈদ্যুতিক সংযোগ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং লোকাল নেটওয়ার্কসহ বিভিন্ন অবকাঠামোগত সুবিধা নির্মাণ করা হবে।
সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মূল লক্ষ্য হলো র্যাব সদরদপ্তরের জন্য আধুনিক, সমন্বিত ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা।




আপনার মতামত লিখুন