উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা

অনলাইন নিউজ ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬ ১২:৩৫ এএম
উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা

অভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে এলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে।

তবে এই নিয়োগ সাধারণ কোনো উপদেষ্টা পদ নয়; ক্যাবিনেট মন্ত্রীর (পূর্ণমন্ত্রী) মর্যাদায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যপালের অনুমোদনক্রমে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীর দীর্ঘ ও সফল অভিনয় জীবনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সক্রিয় রাজনীতিতেও তাঁর উপস্থিতি দেখা গেছে। এবারই প্রথম রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোর ভেতরে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন তিনি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে তাঁর এই নতুন দায়িত্ব যুক্ত হওয়ায় প্রশাসনিক মহলেও ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরসহ গুরুত্বপূর্ণ বিভাগে পাঠানো হয়েছে।

এখন থেকে কেবল সাংস্কৃতিক জগতের তারকা হিসেবেই নয়, রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও নতুন ভূমিকায় সক্রিয় দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...