ঘাটাইলে ফসলি জমি গিলে খাচ্ছে ‘বাংলা ড্রেজার’

নিউজ ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬ ১০:২৫ পিএম
ঘাটাইলে ফসলি জমি গিলে খাচ্ছে ‘বাংলা ড্রেজার’

টাঙ্গাইলের ঘাটাইলে বালুদস্যুদের থাবায় বিপন্ন হচ্ছে পরিবেশ। বাংলা ড্রেজারের থাবায় হুমকিতে পড়ছে কৃষিজমি। উপজেলার দেওপাড়া ইউনিয়নে ভোজদত্ত এলাকার কাইয়াডুরি বিল এবং গুয়াপঁচা বিলে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।

সরেজমিনে দেখা যায়, ড্রেজারের চারপাশের জমিতে আমন ধান লাগিয়েছেন কৃষকরা। মাঝখানে বিল। সেখানে বসানো হয়েছে বাংলা ড্রেজার। বালু উত্তোলনের কাজ চলছে প্রায় দুই বছরের ধরে।

বালুদস্যুদের স্থাপন করা বাংলা ড্রেজারের পাশের জমিতে আমন ধান পরিচর্চাকারী কয়েকজন কৃষক জানান, এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয় না। তাদের অভিযোগ, প্রশাসন সকালে এসে ড্রেজার বন্ধ করলে আবার বিকেলে চালু হয়।

স্থানীয়রা জানায়, বালু উত্তোলনের ফলে ওই জমির আশেপাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। আশেপাশের ফসলি জমি ভেঙে পড়ছে। অনেক জমির মাঝ বরাবর ফাঁটল দেখা দিয়েছে।

ভোজদত্ত গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, বিল থেকে বালু উত্তোলনের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে আশেপাশের আবাদি জমি। প্রায় দুই বছর ধরে চলছে এ কাজ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসককে জানিয়েও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।

দেওপাড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রুহুল আমিন হেপলু জানান, কৃষকের ক্ষতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের কঠিন প্রদক্ষেপ নেয়া উচিত।

ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন ঊর্মি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...