আওয়ামী লীগের কায়দায় বিএনপিও ক্ষমতা ধরে রাখার ছক কষেছিল: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। দলটি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক পুরোনো। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল এ দাবি মেনে নিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল। পরে আন্দোলনের মুখে দলটি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
তিনি আরও বলেন, ২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের মতো বিএনপিও সব সময় ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগ এ ক্ষেত্রে সফল হলেও বিএনপি সফল হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে টালবাহানা করছে এবং নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে। তাদের এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

