মুরব্বি ও আলেম সমাজকে সঙ্গে নিয়ে অসমাপ্ত কাজ শেষ করতে চাই : হুমাম কাদের
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আলেমে দ্বীন ও দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া রুকনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক হযরত মাওলানা শাহ সুলতান আহমদের অসমাপ্ত কাজগুলো এলাকার মুরব্বি, আলেম সমাজ ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেছেন, মরহুম মাওলানা শাহ সুলতান আহমদ রেখে যাওয়া চিঠি ও বিভিন্ন মাদ্রাসার উন্নয়নকাজের মধ্য দিয়ে বোঝা যায়, এই মাদ্রাসা ও এলাকার অনেক কাজ এখনো বাকি রয়েছে। তবে এসব দায়িত্ব একা পালন করা সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া রুকনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা শাহ সুলতান আহমদের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের সময় মরহুম মাওলানা শাহ সুলতান আহমদ তাকে অভিভাবক হিসেবে বুকে টেনে নিয়েছিলেন। তাকে সাহস ও ভরসা জুগিয়েছিলেন। সুদীর্ঘ ৭০ বছরের বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাদ্রাসায় শিক্ষকতা ও মুহতামিমের দায়িত্ব পালন করা এই প্রবীণ আলেমের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় এলাকার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলমত-নির্বিশেষে সাধারণ মানুষ ও মুরব্বিরা যেভাবে তার পাশে দাঁড়িয়ে ভালোবাসা দিয়েছেন, তিনি তাদের আস্থার মর্যাদা রাখতে চান। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কোনো অবহেলা করা হবে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, অসৎ উদ্দেশে কিছু লোক ভালো মানুষের মুখোশ পরে দলের নাম ভাঙিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। তাই যেকোনো ভালো কাজ বা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এলাকার মুরব্বি ও সঠিক নেতৃত্বকে সঙ্গে নিয়ে যাচাই-বাছাই করে এগোতে হবে।
মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নোমানের পরিচালনায় বিএনপি নেতা মাহবুব আলম চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ও বিএনপি নেতা নুরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনছুর উদ্দিন ও আবু সৈয়দ মেম্বার।
সভায় বক্তারা মরহুম মাওলানা শাহ সুলতান আহমদের বর্ণাঢ্য কর্মজীবন ও দ্বীনি অবদানের কথা স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

