পরিমনির ছবিতে সাংবাদিকদের জুতা নিক্ষেপ
চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের আহ্বান জানিয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক। সাংবাদিক রাজুর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে না পারেন, তাহলে সাধারণ মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবেন। একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা মানে শুধু একজন ব্যক্তিকে অপমান করা নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর আঘাত করা।
বক্তারা আরও বলেন, তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।
কর্মসূচিতে এক বক্তা বলেন, পরীমনির আচরণের প্রতিবাদে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে।
তাকে বয়কটের আহ্বান জানিয়ে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও পরীমনির আচরণের নিন্দা জানানো হয়। পরে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
গত ৫ নভেম্বর জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন চিত্রনায়িকা পরীমনি।
ওই দিন একটি মামলায় জামিন নিতে ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে উপস্থিত হন পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে গাড়ি ওঠার সময় ভিড়ের মধ্যে কেউ তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন- এমন অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তিনি সাংবাদিক রাজুর ওপর চড়াও হন।
ভিডিও ফুটেজে দেখা যায়, সাংবাদিক রাজু অনেক দূর থেকে সংবাদ সংগ্রহ করছিলেন এবং পরীমনির এক বডিগার্ডই তার গায়ে ধাক্কা দিয়েছিলেন। এ সময় পরীমনি সাংবাদিক রাজুর মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দুর্ব্যবহার করেন। পরে অবশ্য মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়।

