কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেডিকেল ছাত্রীর

নিউজ ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬ ১:১৯ পিএম
কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেডিকেল ছাত্রীর

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে স্বামী মাইনুল ইসলাম ও আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা কলাপাড়া উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যায় সেখান থেকে ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীর সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নাবিলার রমৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...