বাসে আগুনের পর বন্ধ, চালু হলো ফার্মগেট মেট্রো স্টেশন

নিউজ ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬ ৭:৫৬ পিএম
বাসে আগুনের পর বন্ধ, চালু হলো ফার্মগেট মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল স্টেশনটি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম আবার চালু করা হয়। বর্তমানে যাত্রীরা নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরপরই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কিছু সময়ের জন্য স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশনটি আবার চালু করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে থেমে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ ছাড়া শিল্পাঞ্চল এলাকার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...