টাঙ্গাইলে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬ ১০:৫২ এএম
টাঙ্গাইলে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ (শনিবার, ২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের শ্রীরীর বন্দর উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম। এ ঘটনায় জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম রঞ্জু মন্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...