খুঁজুন

ফেইসবুকে ফিরলেন বিতর্কিত সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ
ফেইসবুকে ফিরলেন বিতর্কিত সাদিয়া আয়মান

প্রচারণামূলক লাইভ কাণ্ডে সমালোচনার শিকার হয়ে ফেসবুক ছেড়েছিলেন বহুল বিতর্কিত সাদিয়া আয়মান। বেশ কদিন ডিয়্যাকটিভ থাকার পর আবারও ফেসবুকে ফিরেছেন তিনি, দিয়েছেন ঘটনার ব্যাখ্যা।

অবশ্য ঘটনার দায় তিনি চাপিয়েছেন চ্যানেলের কাঁধে। যদিও শিল্পী হিসেবে সে দায় কিছুটা নিজের কাঁধেও নিয়েছেন। একপ্রকার দুঃখ প্রকাশ করে এ ধরনের প্রচারণায় আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন এই অভিনেত্রী।

গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। শিগগিরই তার একটি ওয়েব ফিল্ম অবমুক্ত হতে যাচ্ছে। ভিন্ন কায়দায় সেটির প্রচারণা চালাতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

দর্শক-অনুরাগীদের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞ সাদিয়া লিখেছেন, ‘আপনারাই আমার ভালোবাসার জায়গা। তাই মনে হলো, কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রান দিয়ে পারফর্ম করি। তবে কী অভিনয় করবো, কী ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে। এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়ও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করে দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলে প্রমোশনে অংশ নিই, যেমন অনেক কষ্ট করে শুটিং শেষ করি। শুটিং থেকে শুরু করে রিলিজের আগপর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

যে লাইভের জন্য সমালোচনা, কটাক্ষের শিকার হওয়া, সেটির দায় চ্যানেল কর্তৃপক্ষের কাঁধে চাপিয়েছেন সাদিয়া আয়মান। তিনি জানান, শুরুতে প্রচারণার এই পদ্ধতিতে তিনি রাজি হননি। চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানায়, এ ধরনের প্রচারণা তারা আগেও চালিয়েছে। সে প্রসঙ্গে ওই পোস্টে সাদিয়া লিখেছেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা শোনার পর প্রথমে চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে “না” করি। পরে জানতে পারি এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে। তারপর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেওয়া হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে, এটা একটি ফিল্মের প্রমোশন।’

ঘটনার দায় কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছে ওই ওয়েব ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান দীপ্ত প্লে। ভেরিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছেন, ‘সম্প্রতি দীপ্ত অরিজিনাল ফিল্ম “বিভাবরী”র প্রমোশনালে অংশ নিতে অভিনয়শিল্পী সাদিয়া আয়মান একটি লাইভে অংশ নেন। প্রমোশনটি অসম্পূর্ণ থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পুরো বিষয়টি অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনভিপ্রেত এই ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

গত ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে ফেসবুক লাইভে আসেন সাদিয়া আয়মান। সেখানে তিনি দাবি করেন, তারও কিছুদিন আগে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে মানুষের আকৃতির আপাদমস্তক কালো কিছু একটি তার গাড়ির সামনে চলে আসে। গাড়ি থামিয়ে নেমে তিনি দেখেন কেউ নেই। সেদিন লাইভে বাড়ির বেলকনি থেকেও তিনি সেটিকে আবারও দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার জন্য সেদিন উদ্বেগ প্রকাশ করায় গতকাল ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালোবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এ রকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন, তাতে সত্যিই আমি কৃতজ্ঞ।’

জানা গেছে, দীপ্ত টেলিভিশনের ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। ভৌতিক কাহিনির এ ফিল্মে সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী, রিফাহ নাজিবা প্রমুখ। এটি পরিচালনা করেছেন টিটো রহমান। ওটিটি কর্তৃপক্ষ জানিয়েছেন ‘বিভাবরী’ অবমুক্ত হবে হ্যালোইনের রাতে, অর্থাৎ ৩১ অক্টোবর।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
“সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচি

“একটি গাছ একটি প্রাণ, সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন” স্লোগানকে সামনে রেখে শিক্ষা, মানবতা ও সমৃদ্ধির পতাকাবাহী সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী সভ্যতার ভবানীগঞ্জ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন সংগঠনটির সকলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভবানীগঞ্জ ইউনিয়নের জিয়ার খালের দুই পাড়ে সংগঠনটির একঝাঁক তরুণদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি পালন করা হয়।

এসময় অমলকি, জলপাই, তেতুল, হরিতকি, অর্জুন, চালতা, আতা সহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় যুবসম্প্রদায় সহ সভ্যতার ভবানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা নিয়মিত এমন উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি মনে করছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খুলতে পারে।

সাক্ষাৎকারে সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সোনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানেও বাংলাদেশ ভারতের আরও সক্রিয় ভূমিকা চায়। তার মতে, এ ক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া ভারতের তেমন কিছু করার নেই। কারণ, মিয়ানমার কর্তৃপক্ষ ভারতের কথা শুনতে পারে। তারেক রহমানের ভারত সফরের মাধ্যমে সেই সুযোগ তৈরি হলে বাংলাদেশ ভারতকে এসব সমস্যা সমাধানে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ করতে পারে বলে মনে করেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে ‘অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সোনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারেক রহমান তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা মানুষ। তিনি ভারতবিরোধী নন এবং নিজে এমন কোনও বক্তব্যও দেননি, যেটিকে ভারতের বিরুদ্ধে বলে মনে করা যায়। তাই ভারতও সতর্কভাবে এই সুযোগ তৈরি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের এখনও সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

সোনি বলেন, ‘আমি এ বিষয়ে খুবই আশাবাদী’। তার মতে, ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) যদি না আসেন, তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউই এই সুযোগ হারাতে চাই না। তাই আমি বেশ আশাবাদী।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান দিল্লিতে গেলে সেটি হবে ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তার প্রথম ভারত সফর। সফর নিয়ে আলোচনা চললেও এখনও কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক ফেসবুকে সরকারের সমালোচনা: ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার প্রবাসীর পাল্টা অভিযোগ: খাসির জন্য নয়, ১০ গুণ দেনমোহর ধরায় ভেঙেছে বিয়ে