জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি, পুলিশ সদস্য ক্লোজড

অনলাইন নিউজ ডেস্ক
০২ জুলাই ২০২৫ ৭:০২ এএম
জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি, পুলিশ সদস্য ক্লোজড

কুষ্টিয়ায় জুলাই নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম (রনি) কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ছুটিতে থাকা রনির ছুটি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থান বিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সে ছুটিতে আছে।

তার ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে আপত্তিকর পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম।

বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠেন ছাত্র সমাজ। এরপর তারা বিক্ষোভ মিছিল শুরু করে এবং পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান গণমাধ্যমে বলেন, কুষ্টিয়া ট্রাফিক বিভাগের কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম তার ফেসবুকে জুলাই নিয়ে অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট করে। আমরা তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং এসপি অফিসের সামনে সড়ক অবরোধ করে তার শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও দাবি জানান, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমদের আন্দোলন চলবে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইকে কটূক্তি করেছে পোস্ট দিয়েছে পুলিশ সদস্য ফারজুল। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তার করা হোক।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ছুটিতে আছে। ফারজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। সে ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...