ডাকসু নির্বাচন: গণ-অভ্যুত্থানের পর প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন
দীর্ঘ ৬ বছর পর আজ (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই প্রথম দেশে কোনো ছাত্রসংসদ নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। দেশবাসী তাকিয়ে আছে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিকে। কারণ ডাকসু নির্বাচন এতই গুরুত্বপূর্ণ যে এটিকে ‘মিনি পার্লামেন্ট’ নির্বাচন হিসেবে দেখা হয়।
নির্বাচনে ডাকসু ও হল সংসদে আলাদাভাবে দেড় হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ভোটে দেড় হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে গতকাল সোমবার ক্যাম্পাসজুড়ে ভোটের আমেজ বিরাজ করে।
নির্বাচনী প্রচারের কোলাহল থেমে গেলেও শিক্ষার্থীদের আড্ডা, হল-করিডর এখন শুধু ভোট এবং সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা চলেছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বলছেন, ডাকসু নির্বাচনকে আগামী দিনের সংসদ নির্বাচনের একটি রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে, যা ভোটারদের মধ্যে আরো বেশি আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন প্রার্থীর জয়-পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তিনটি প্যানেলের প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে।
তবে প্রচার-প্রচারণায় অনেকটাই এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। ভোটারদের মধ্যেও এই প্যানেল নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।
এছাড়া আলোচনায় আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্যবিরোধী ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এই মূল তিনটি পদে একজন স্বতন্ত্র প্রার্থী এগিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে হল সংসদ ও অন্যান্য পদে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থীদেরই এগিয়ে রাখছেন বেশির ভাগ শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৫। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৬ জন, ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুতে এবার মোট প্রার্থী ৪৭০ জন। নির্বাচনের ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে কোনো ডাকসু নির্বাচনে এতসংখ্যক প্রার্থী দেখা যায়নি। ডাকসুতে ছাত্র প্রার্থী ৪০৮ জন। অন্যদিকে ছাত্রী প্রার্থী ৬২ জন। ডাকসুতে ভিপি, জিএস, এজিএসসহ ১২টি সম্পাদক পদে মোট ১৫ জন এবং সদস্য পদে ১৩ জনকে ভোট দিতে হয় ভোটারদের। এর মধ্যে ভিপি পদে ৪৪ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে হল সংসদে ভিপি, জিএস, এজিএসসহ ছয়টি সম্পাদক পদে মোট ৯ জন এবং সদস্য পদে চারজনকে ভোট দিতে হয়। হল সংসদের এবার মোট প্রার্থী এক হাজার ৩৫ জন।
শীর্ষ ৩টি পদে হবে হাড্ডাহাড্ডি লড়াই:
ডাকসুতে ভিপি, জিএস ও এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন পদেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্যবিরোধী ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এজিএস পদে স্বতন্ত্র কোনো প্রার্থীও উঠে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভিপি পদে ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান, বৈষম্যবিরোধী প্যানেলের আব্দুল কাদের, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েম এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম, বৈষম্যবিরোধী প্যানেলের আবু বাকের মজুমদার এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এজিএস পদে ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসির চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ভোটকেন্দ্রগুলো প্রস্তুত:
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা আটটি ভোটকেন্দ্রে ভোট দেবেন। ভোটকেন্দ্রগুলোতে এর মধ্যে পোলিং বুথ স্থাপন করা হয়েছে। মোট ৮১০টি পোলিং বুথ করা হয়েছে।
প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ‘অচল করার’ অভিযোগ:
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির প্যানেলের কয়েকজন প্রার্থীর ফেইসবুক আইডি ‘সাইবার হামলায় অচল করে দেওয়ার’ অভিযোগ করেছে সংগঠন দুটি। পাশাপাশি স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমাও অভিযোগ করেছেন তাঁর অ্যাকাউন্টেও বারবার রিপোর্ট করা হচ্ছে।
গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল তাদের প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের ফেসবুক অ্যাকাউন্ট ‘ডিস-এবল’ করে দেওয়ার অভিযোগ করে। নিজের অ্যাকাউন্ট ‘অচল’ হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদ বলেন, “সাড়ে ৯টার দিকে ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি বাসা থেকে বের হব। ঠিক ওই মুহূর্তে দেখতে পেলাম যে আমার আইডি ‘নাই’ হয়ে গেছে। ডিস-এবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণের মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে প্রাথমিকভাবে আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার। পরবর্তী সময়ে আইডি উদ্ধারের পরে আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে সচেতন থাকার জন্য। ঠিক এই পোস্টের ৫৬-৫৭ মিনিট পর আবারও একইভাবে আমার আইডি ডিস-এবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণাদি। আমি জানি না আইডি আর নির্বাচনের আগে ফিরে পাব কি না।”
একই অভিযোগ করেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা। ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগ আউট হয়ে যাচ্ছে।’
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমাও অভিযোগ করেন, রবিবার রাত থেকে তাঁর আইডিতে ‘প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে’। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’
প্রকৃত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা:
ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রকৃত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। শিক্ষার্থীরা এমন প্রার্থী চান, যিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা সৎ, সাহসী এবং শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম বলেন, ‘শিক্ষার্থীবান্ধব, দায়িত্ব পালনে পারদর্শী, যিনি ক্ষমতাকে প্রাধান্য না দিয়ে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেবেন, এমন প্রার্থীকেই ভোট দেব। আমি চাই এক বছর পর আবার ডাকসু হোক।’
বেগম রোকেয়া হলের শিক্ষার্থী নাজমা বলেন, ‘এমন প্রার্থী চাই, যে কিনা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, কোনো স্বার্থান্বেষী দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের মতো ঘৃণ্য কাজ করবে না।’
নিরাপত্তা জোরদার, নেই শঙ্কার
ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং নির্বাচন সামনে রেখে কোনো ধরনের শঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। গতকাল বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যেভাবে ভোট হবে:
গতকাল বিকেলে টিএসসি কেন্দ্র পরিদর্শন করে কিভাবে একটি কেন্দ্রে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. নাসরিন সুলতানা। একটি কেন্দ্রে ভোটদানের প্রক্রিয়াটি হলো ভোটারদের প্রথমে মূল প্রবেশপথে নিজেদের পরিচয়পত্র বা পেইড স্লিপ দেখিয়ে প্রবেশ করতে হবে। নিরাপত্তার জন্য গেটে তাঁদের শরীর ও ব্যাগ পরীক্ষা করা হতে পারে। এরপর দুটি পৃথক লাইন থাকবে—একটি প্রবেশ এবং অন্যটি বের হওয়ার জন্য।
কেন্দ্রগুলোতে প্রতিটি হলের জন্য আলাদা প্রবেশপথ নির্দিষ্ট করা হয়েছে। এরপর ভোটারদের তাঁদের নির্দিষ্ট ভোটকক্ষে যেতে হবে। ভোটকেন্দ্রের বাইরেই কোন টেবিলে তাঁদের ভোট দিতে হবে, তা উল্লেখ করা থাকবে। এতে তাঁরা সরাসরি নিজেদের কক্ষে চলে যেতে পারবেন। ভোটাররা তাঁদের নির্দিষ্ট টেবিলে যাওয়ার পর পোলিং অফিসারকে তাঁদের ছবিযুক্ত আইডি কার্ড বা পেইড স্লিপ দেখাতে হবে। কর্মকর্তারা তাঁদের পরিচয় যাচাই করবেন এবং প্রয়োজনে তাঁদের বিভাগ বা চেয়ারপারসন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর পোলিং অফিসার তালিকায় ভোটারকে চিহ্নিত করে একটি টিক চিহ্ন দেবেন। এরপর ভোটারকে তালিকায় স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরের পর তাঁর হাতে অমোচনীয় কালি লাগানো হবে। একজন কর্মকর্তা ভোটারকে ছয়টি ব্যালট পেপার দেবেন—পাঁচটি কেন্দ্রীয় পদের জন্য এবং একটি হল সংসদের জন্য। ব্যালট পেপারগুলো নিয়ে ভোটারকে ভোট দেওয়ার বুথে প্রবেশ করতে হবে। সেখানে তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
ভোটারদের উদ্দেশ্যে::
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাক্কালে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচন তোমরা গভীরভাবে প্রত্যাশা করেছ। গণ-অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সংগতিপূর্ণ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত ভয়েস তৈরি করার জন্যই এই আয়োজন। তোমরা নির্ভয়ে ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।’
তিনি জানান, প্রায় ১১ মাসের দীর্ঘ প্রস্তুতির পর নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয় প্রায় ৪০ হাজার ভোটারের জন্য আটটি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে। স্বচ্ছতা নিশ্চিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা এবং পর্যাপ্ত পোলিং কর্মকর্তা।

