খুঁজুন

রাকসু নির্বাচন ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
রাকসু নির্বাচন ২০২৫

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোটগণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ২৩টি পদে ১১টি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৪৭ জন, সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন এবং বাকি ২০টি পদে ২০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু ও সিনেটে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন।

রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে বইছে উত্তেজনা ও উচ্ছ্বাস। আবাসিক হলে, বিভাগে, ক্যাফেটেরিয়া ও প্রতিটি আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দু রাকসু নির্বাচন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন।

নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটিতে (তিন স্তরের নজরদারি)’ রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার দুপুরে সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রথমে ভোটার/শিক্ষার্থী যে আইডি কার্ড নিয়ে আসবে, সেটির সত্যতা যাচাই করা হবে। এরপর ভোটারের ইউনিক আইডি ছবিযুক্ত ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ছবির সঙ্গে ভোটারের মিল নিশ্চিতের পর সন্দেহ হলে কার্ডের গোপনীয় কিউআর কোড স্ক্যান করে চূড়ান্তভাবে যাচাই করা হবে।’

ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার সংখ্যার অতিরিক্ত একটি ব্যালটও ছাপা হয়নি। বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগে প্রশ্নপত্র তৈরি হয়, সেখান থেকেই ব্যালট পেপার তৈরি হয়েছে। এক্ষেত্রে আটটি ধাপ পেরিয়ে ব্যালট প্রস্তুত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভোট গণনার জন্য পর্যাপ্তসংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করা হয়েছে। এগুলো ফলাফল সেন্টারে স্থাপন শেষে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব হবে।’

রাকসু নির্বাচনে মমতাজউদ্দিন কলাভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, জামাল নজরুল ইসলাম ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন, জগদীশচন্দ্র একাডেমিক ভবনে দুটি ও জুবেরী আন্তর্জাতিক অতিথি ভবনের একটিসহ মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ করা হবে।

এর আগে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘রাকসুর নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ২১২ জন শিক্ষক। এর মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার, বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯১ কর্মকর্তা পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন।’ তিনি বলেন, ‘একেক জন ভোটারকে ৪৩টি ভোট দিতে হবে। এতে সময় লাগবে ১০ মিনিট। ক্যাম্পাসের নিরাপত্তায় রাবি নিজস্ব প্রক্টরিয়াল বডির পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‍্যাব এবং ২ হাজারের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে গোপন বুথ ছাড়া সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।’ এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া নির্বাচনে সাইবার স্পেসে গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে। সকালে জুবেরীভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এ নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ, র‍্যাব ও বিজিবি তাদের সহযোগিতার জন্য দায়িত্ব পালন করবেন।’

গত মঙ্গলবার মধ্যরাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। সরেজমিন দেখা যায়, বুধবার সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। বিনোদপুর, কাজলা, প্রধান ফটক, চারুকলা, স্টেশন বাজারসহ বিভিন্ন ফটকে পুলিশ ছিল। বেলা পৌনে ১১টায় পরিবহন মার্কেটের সামনে ক্রিকেট খেলছিলেন একদল শিক্ষার্থী। তাদের একজন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তাইফুজ্জুমান তপু বলেন, ‘নির্বাচনের অনিশ্চয়তা কেটে গেছে। সকলের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনে যোগ্য নেতৃত্ব আসুক।’

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মেহেদী হাসান ‘স্বতন্ত্র’ এজিএস প্রার্থী শাহ পরানকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯০ সালের ২৯ জুলাই রাকসুর ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু