খুঁজুন

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ তদন্ত করবে ফিফা

গত মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ও যেকোনো প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। একইসঙ্গে ইসরায়লের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তুলে তারা।

ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি ফিফা। তবে বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগের তদন্ত করবে ফুটবলের সর্বোচ সংস্থা।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামলায় চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রায় সাত মাস পর ফুটবলে তাদের নিষিদ্ধের দাবি জানায় পিএফএ। গত ২০ জুলাইয়ের আগে রুলিং কাউন্সিলের একটি বিশেষ সভা ডাকার কথা ভেবেছিল ফিফা। যেখানে স্বাধীনভাবে করা আইনি বিশ্লেষণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নির্ধারণ করার কথা ছিল।

তবে প্রতিবেদন শেষ করার জন্য আইনি বিশেষজ্ঞদের আরও সময় দেওয়া হয়। গত বৃহস্পতিবার জুরিখে প্রধান কার্যালয়ে আইনি বিশ্লেষণটি গ্রহণ করে ফিফা। এর পরিপ্রেক্ষিতে পিএফএ’র আনা বৈষম্যবিরোধী নীতি ভাঙার অভিযোগ তদন্তের দায়িত্ব শৃঙ্খলা কমিটিকে দিয়েছে তারা। এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ফুটবল দলগুলোর ইসরায়েলি প্রতিযোগিতায় খেলার বিষয়টি নিয়ে তদন্ত করে ফিফাকে পরামর্শ দেবে গভর্নেন্স, অডিট ও কমপ্লায়েন্স কমিটি।

যদিও ইসরায়েলকে নিষিদ্ধের জন্য ভোটাভুটির প্রস্তাব উত্থাপন করতে অনীহা জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত সংবেদনশীল এই ব্যাপারে ফিফা কাউন্সিল যথাযথ সতর্কতা অবলম্বন করেছে এবং বিস্তারিত মুল্যায়নের ভিত্তিতে আমরা স্বাধীন আইনি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কাজ করছি। সেখানে চলমান সহিংসতা দাবি করে যে, সবকিছুর আগে আমাদের প্রয়োজন শান্তি। ’

‘যা ঘটছে তা নিয়ে আমরা গভীরভাবে মর্মাহত এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, জরুরি ভিত্তিতে সেই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার। ’

ব্যাংককে ফিফা কংগ্রেসে ইসরায়েলের ওপর অভিযোগ তুলে পিএফএ প্রধান জিব্রিল রাজুব বলেন, ‘এই সীমালঙ্ঘনের ব্যাপারে ফিফা উদাসীন থাকতে পারে না। ’ ফিফার কাছে অবিলম্বে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানান তিনি।

আইএফএ প্রধান শিনো মোশে জুয়ারেস তা নাকচ করে বলেন, ‘এই অভিযোগ কৃত্রিম, রাজনৈতিক ও শত্রুভাবাপন্ন। আইএফএ ফিফার কোনো নিয়মভঙ্গ করেনি। পিএফএর প্রস্তাবের সঙ্গে আইএফএ ও এর কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। ’ তার মতে, খেলাধুলার বাইরে গিয়ে ইসরায়েলি ফুটবলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

ইসায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ফিফার রায় স্থগিত হওয়ার প্রতিক্রিয়া পিএফএ প্রধান বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, অভিযোগের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে ফিফা কাউন্সিল তদন্তের অনুমোদন দিয়েছে। আমরা নজর রাখব এই ব্যাপারে ও নিজেদের অধিকার রক্ষায় অটল থাকব।

১১ মাস ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০৫ জন লোক মারা গেছেন। যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৪১ হাজার ৭৮৮ জন লোক মারা গেছেন, যার বেশিরভাগই সাধারণ নাগরিক।

জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার জানায়, অন্তত আটটি ক্লাব দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতিতে গড়ে উঠেছে বা সেখানে খেলে থাকে। এছাড়া আরেকটি ক্লাব তাদের কয়েকটি হোম ম্যাচ খেলেছে সেই বসতিতে। বিশেষজ্ঞরা আরো বলছেন যে এসব দলের কার্যক্রম থেকে বোঝা যায় যে, আইএফএ (ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন) পরোক্ষভাবে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ উপস্থিতিকে সমর্থন করছে, যা তারা দখল করে রেখেছে।

বিশেষজ্ঞরা বলেন, ‘এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ’এমন বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদের বিরুদ্ধে ফিফাকে জিরো টলারেন্স নীতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত যেন আন্তর্জাতিক আইনের মূল নীতির বাইরে না যায় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন। ’

জাতিসংঘের বিশেষজ্ঞরা স্বাধীন ব্যক্তি, যাদের মানবাধিকার পরিষদ নিয়োগ করেছে। তাই তারা জাতিসংঘের হয়ে কথা বলেন না।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু