খুঁজুন

পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়ার প্রায় এক মাস হশে গেলেও কোনো ইউনিটে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া অন্য ৪ অতিরিক্ত আইজিপিকে পদায়ন করা হলেও তাঁকে এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

গত ৪ জুন ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন রেজাউল করিম মল্লিক। একই দিনে পুলিশের আরও চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পরে রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করলেও বর্তমানে ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকা রেজাউল করিম মল্লিককে কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এ অবস্থায় পদোন্নতির পরও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট একটি পক্ষের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একটি প্রভাবশালী চক্রের কারণে তিনি এখনো পদায়ন পাননি।

শেখ হাসিনা সরকারের পতনের পর রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তাঁর দায়িত্বকালে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান দেশের ইতিহাসে বিরল বলেও অনেকে উল্লেখ করেছেন।

এসব অভিযানের পর রেজাউল করিম মল্লিক বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। নিষিদ্ধ সংগঠনের দেওয়া একাধিক হুমকি এবং নিরাপত্তা-শঙ্কার কারণে তাঁর দুই সন্তান শিক্ষা কার্যক্রম থেকে সরে গেছে বলেও দাবি করা হয়েছে।

এছাড়া সম্প্রতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে রেজাউল করিম মল্লিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। ঘনিষ্ঠদের আশঙ্কা, ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তন হলে গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের প্রথম সারির লক্ষ্যবস্তু হতে পারেন তিনি। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক দেশব্যাপী অভিযানে ঢাকা রেঞ্জ পুলিশ একনম্বর হয়ে পুলিশি কার্যক্রমে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে।

রেজাউল করিম মল্লিকের ঘনিষ্ঠদের দাবি, ডিবি প্রধান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে গ্রেপ্তারের কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঝুঁকিতে রয়েছেন। তাঁদের অভিযোগ, বর্তমানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও দায়িত্বে ছিলেন এবং তাঁদের কেউ কেউ তখন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এমনকি অর্থের বিনিময়ে পদায়নের অভিযোগও রয়েছে। যা নিয়ে গণমাধ্যমে লেখালেখি হওয়ায় তাঁদেরকে প্রত্যাহারও করা হয়েছে।

আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর তাঁকে কৌশলে ওই পদ থেকে সরান। বিষয়টি সে সময়ও আলোচনার জন্ম দেয়।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় এসপি পদে থাকার পর দীর্ঘদিন তাঁকে আর পদোন্নতি দেওয়া হয়নি। তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে রাখা হয়েছিল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসেবে বিবেচনা করে কোণঠাসা করা হয়েছিল। বর্তমান সরকারপ্রধান ও দায়িত্বশীলদের তাঁর বিষয়টি নজরে এলে তিনি যথাযথ মূল্যায়ন পাবেন। একই সঙ্গে যাঁরা তাঁর পদায়নে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

বর্তমান প্রেক্ষাপটে, যখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, তখন ঢাকা রেঞ্জ ও ডিবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করা রেজাউল করিম মল্লিকের অবসর নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

তাদের দাবি, দায়িত্ব পালনকালে বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ঢাকা রেঞ্জ পুলিশের তৎপরতার কারণে বড় ধরনের সহিংস বা ধ্বংসাত্মক ঘটনা দৃশ্যমানভাবে ঘটতে পারেনি। এ ধরনের অভিজ্ঞ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়ক হতে পারে বলেও তাদের মত।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু