সিলেটে বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
বৃহস্পতিবার উপজেলার একই এলাকায় বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডস্থ ডাকবাংলা ও আশপাশের এলাকায় একই সময়ে দুই পক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি আহ্বান করেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাঠিসোঁটা বা বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যে-কোনো ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
Advertisement
এদিকে, ১৪৪ ধারা জারির পর বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে বিশ্বনাথে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

