ঘাটাইলে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছিঁড়ে যুবক আটক
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে উপলক্ষ করে সাঁটানো পোস্টার ছেঁড়ার অভিযোগে ওমর আলী (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টার দিকে ঘাটাইল পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওমর আলী ঘাটাইল ইউনিয়নের বীরহামপুর গ্রামের বাসিন্দা এবং পৌর শহরের হাসপাতাল মোড় এলাকার লাইফ কেয়ার ক্লিনিকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।
ঘাটাইল হাসপাতাল মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বানে সংশ্লিষ্ট দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। এগুলোর মধ্যে কিছু অক্ষত থাকলেও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো কয়েকটি পোস্টার হাত দিয়ে টেনে ছিঁড়ে তুলে ফেলেছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী দুলাল হুসাইন বলেন, ঘাটাইল বাজার সমিতির নিরাপত্তাকর্মী মুঠোফোনে জানায় লাইফ কেয়ার ক্লিনিকে কর্মরত ওমর আলী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সাঁটানো পোস্টার ছিঁড়ে উঠিয়ে ফেলেছে। পরে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পাই এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালকে অবহিত করি। তিনি অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তরের পরামর্শ দেন। পরে পুলিশ সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়।
বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছিঁড়ে যুবক আটক
রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
পোস্টার সাঁটানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপি কর্মী ফজলু মিয়া। তিনি বলেন, আমরা কয়েকজনে মিলে পৌর শহরে পোস্টার লাগাচ্ছিলাম। হাসপাতাল মোড় এলাকায় পোস্টার লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি লাইফ কেয়ার ক্লিনিকে কর্মরত সিকিউরিটি গার্ড ওমর আলী সেগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলছেন। পরে আমরা সাথে সাথে বিএনপি নেতাদের বিষয়টি অবহিত করি।
লাইফ কেয়ার ক্লিনিকের ম্যানেজার সাব্বির হোসেন বলেন, আমাদের ক্লিনিকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ওমর আলীকে বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার উঠিয়ে ফেলার অভিযোগে পুলিশ আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে আমাদের ক্লিনিক কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।
ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, লাইফ কেয়ার ক্লিনিকের মালিক রাসেল মিয়া একজন আওয়ামী লীগ সমর্থক। তার ক্লিনিকে কর্মরত এবং অভিযুক্ত সিকিউরিটি গার্ড ওমর আলীও একই ভাবধারার। বিএনপিকে বিব্রত ও হীনমন্যতা থেকে পরিকল্পিতভাবে সে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার ছিঁড়ে উঠিয়ে ফেলার অভিযোগে ওমর আলী নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

