টাঙ্গাইলে এসআরবি-১৪,সিপিসি-৩-এর যৌথ অভিযান: ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভারে গ্রেপ্তার
টাঙ্গাইলে অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইফুল ইসলামকে (৬৬) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ও এসআরবি-৪,সিপিসি-২,নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ নভেম্বর-২০২৬ খ্রিঃ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়,প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মোঃ সাইফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত মৌলভী শামসুল হকের ছেলে। মামলার বিবরণে জানা যায়,ডিএমপির উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা মামলা নং-২৬ (৬) ২১ এবং দায়রা মামলা নং-৩৬৩/২১-এর বিচারিক কার্যক্রম শেষে ঢাকার বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত (৫নং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল) তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। এদিকে,পরোয়ানা তামিলকারী কর্মকর্তা নাগরপুর থানার অধিযাচন পত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ক্যাম্প আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে এসআরবি-১৪,সিপিসি-৩,টাঙ্গাইল ও এসআরবি-৪,সিপিসি-২,নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

