টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার
টাঙ্গাইলের মির্জাপুরে যানবাহন থেকে চাঁদা আদায়ে উপজেলার আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কবির সিকদার এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল ও একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চলাচলরত ট্রাক থামিয়ে টাকা আদায় করছিলেন।
তারা ‘টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ট্রাকচালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ক্ষোভের সৃষ্টি হয়।
একাধিক ট্রাকচালক জানান, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে রশিদ দিয়ে ১০০ টাকা করে আদায় করছিলেন। অথচ এর আগে সেতু পারাপারে তাদের ১০০ টাকা করে টোল দিতে হয়েছে।
সরেজমিন টাকা আদায়ের কারণ জানতে চাইলে সোহেল ও ইউসুফ দাবি করেন, ওই এলাকার বিএনপি নেতা লাল মিয়া সিকদার ও কবির সিকদারের নির্দেশে তারা টাকা আদায় করছেন।
এ ঘটনায় যানবাহন থেকে টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে বিষয়টির সত্যতা জানতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতেই উপজেলা বিএনপি ওই দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, ‘বিএনপির ওই দুই নেতার বিরুদ্ধে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

