খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

দায়িত্ব পালনে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বললেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
দায়িত্ব পালনে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বললেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ১২ দফা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষে এ নির্দেশনা দেন তিনি।

প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাদের প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

বিশেষ করে, প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে তাদের শাখার কার্যক্রম সম্পর্কে স্ব স্ব অতিরিক্ত রেজিস্ট্রারকে নিয়মিত অবহিত করা এবং অতিরিক্ত রেজিস্ট্রাররা প্রতি চার সপ্তাহ পর পর তাদের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার এবং রেজিস্ট্রারকে (বিচার) রিপোর্ট দিতে হবে।

বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থীদেরকে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপিল ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস, বিভিন্ন সময়ে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন, সার্কুলার ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিচার সেবা প্রত্যাশী জনসাধারণ ও তাদের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্ট সেবা প্রদানের উৎকর্ষতায় অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৮ টি শাখা এবং আপিল বিভাগে ১৯ টি শাখা রয়েছে।

সুপ্রিম কোর্টে একজন রেজিস্ট্রার জেনারেল, তিন জন রেজিস্ট্রার, চার জন অতিরিক্ত রেজিস্ট্রার, একজন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট দুই হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ