ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন র্যালি অনুষ্ঠিত
ভোলা, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের চেতনায় উজ্জীবিত ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা এবং আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ভোলা সদরের নাজির রহমান কলেজ মাঠ (পরানগঞ্জ বাজার) থেকে ম্যারাথন র্যালিটি শুরু হয়। র্যালিটি পরানগঞ্জ বাজার থেকে মূল সড়ক হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের জাতির জন্য গৌরব ও অহংকারের। এই বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ম্যারাথন র্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, থানা দায়িত্বশীলসহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। র্যালিতে অংশগ্রহণকারী কর্মীরা মহান বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখতে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা নিয়মিতভাবে নানা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আদর্শিক ও কল্যাণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।




আপনার মতামত লিখুন