খুঁজুন

আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত। এ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র-জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে- দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।

মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সাক্ষাৎকারে তিনি এক-এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

ফখরুল বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত।’

আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। ১৯৭৫ সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি। নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি, এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল।

ফখরুল বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয়। যদিও কখনও কখনও আন্দোলনের অংশ হিসাবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি, এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। যাইহোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। “উদাহরণস্বরূপ, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না। ফলাফল কি হয়েছে? জামায়াত এখন রাজনীতিতে ফিরেছে। সুতরাং, আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ।”

ফখরুল অবশ্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর একটি খসড়া সংশোধনীর অধীনে আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে। তবে, গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত,” তিনি যোগ করেছেন।

ফখরুল বলেন, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যেকোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে। ‘ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেও নই’।

গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে, তখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণদাবিগুলি উপলব্ধি করতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত থাকতে পারে, তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত।

ফখরুল বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দল নিতে পারবে না, কারণ এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত।

তিনি বলেন, বুদ্ধিজীবী, আমলা ও টেকনোক্র্যাটদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সাথে প্রকৃত সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত।

ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেললাইন অবরোধ, ভোগান্তি চরমে

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেললাইন অবরোধ, ভোগান্তি চরমে

পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীন জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটি টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন। এজন্য তাকে মারধর করেন টিটি।

পদ্মা এক্সপ্রেসের টিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

তিনি জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টির সুরাহা না করা পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। অভিযুক্ত টিটিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি উল্লেখ করেন যে, ইতিপূর্বে রাবি শিক্ষার্থীদের সাথে একাধিকবার বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে কোনো রেলগুন্ডা যেন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর দিকে আর বাঁকা চোখে তাকানোর সাহস না পায়- সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধে পুরোপুরি থেমে আছে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেন। যার ফলে চরম ক্ষুব্ধ ট্রেনের যাত্রীরা। অভিযোগ তুলে তারা বলেন, ‘আমরা এদের কাছে জিম্মি। মার খেয়েছে ছাত্র, দোষ করলো টিটি। অথচ ভোগান্তি হচ্ছে আমাদের। রেল কর্তৃপক্ষ এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান না করলে ভোগান্তি বাড়বেই।’

বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত

সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ এবং মাদক দমনে ডগ স্কোয়াডের সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে বাহিনীটির কার্যক্রম, সক্ষমতা, জনবল, সেক্টর ও ব্যাটালিয়নের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্তে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কীভাবে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবির ভূমিকা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে বাহিনীটির ডগ স্কোয়াডের সক্ষমতা বাড়িয়ে তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।

তিনি জানান, বিজিবিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে জনবল বৃদ্ধি, নতুন যানবাহন, আধুনিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবির সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকা প্রশংসনীয় ছিল। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে বাহিনীটির সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি জনসম্পৃক্ত কার্যক্রমেও বিজিবির অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রশাসনিক ভবন নির্মাণ, বিজিবি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নের যেসব প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয়ে আটকে রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

অতিরিক্ত অর্থ আত্মসাৎ ও মানব পাচার

মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের সাথে জড়িত থাকার দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গতকাল রোববার (১৯ জুলাই) মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেট করে লোক পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তারই প্রেক্ষিতে এই ৪৯টি লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়।

এদিকে প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল এবং তা গৃহীত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।

লাইসেন্স প্রত্যাহার হওয়া সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বায়রা’র সাবেক মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান গণমাধ্যমে বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সাথে ১০০ এজেন্সি জড়িত ছিল। তাহলে ৪১ জনের লাইসেন্স প্রত্যাহার হলো কীভাবে। অন্যায় যদি হয়ে থাকে সবারই তো দায় থাকার কথা।’

‘আদালতের মাধ্যমে কোনো অভিযোগের ভিত্তিতে চূড়ান্ত বিচার সম্পন্ন হওয়ার আগে এভাবে লাইসেন্স প্রত্যাহার কীভাবে হতে পারে জানা নেই, বলে আপত্তি তোলেন তিনি।

ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেললাইন অবরোধ, ভোগান্তি চরমে বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল সিরাজগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) ওয়ার্কিং সভা অনুষ্ঠিত বেলকুচি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত