খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ
বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স, মিস রোজমেরি ডিকার্লো অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের জোরালো সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র সচিবের প্রথমবারের মত নিউইয়র্কে সরকারি সফরকালে অনুষ্ঠিত এক বৈঠকে বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার এবং জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সহযোগিতামূলক নানাবিধ প্রচেষ্টার বিষয়সমূহ উঠে আসে।

‘জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতিসংঘের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে, এ সমর্থনের জন্য ডিকার্লোকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে তাঁরা জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট বিষয়েও আলোচনা করেন। এসময় পররাষ্ট্র সচিব জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের উর্ধ্বতন নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি-জেনারেলকে অনুরোধ জানান।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায়, পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক মনোযোগের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের ওপর জোর দেন। তিনি মিয়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাবটি উল্লেখ করে, পররাষ্ট্র সচিব এ সম্মেলন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

বৈঠকের পূর্বে পররাষ্ট্র সচিব জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘নারীর অগ্রগতি’ বিষয়ে বক্তব্য প্রদান করে। প্রদত্ত বক্তব্যে তিনি নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব এবং এ বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি নারী শিক্ষা, জেন্ডার সমতা, ডিজিটাল বিভাজন দূরীকরণ, এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের সুস্থতা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহের উপর আলোকপাত করেন।

২০০০ সালে নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার প্রতিষ্ঠাতা রেজ্যুলেশন ১৩২৫ গৃহীত হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৎকালীন অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার ১৪ বছরেও অমীমাংসিত রহস্য, জানা গেল নেপথ্যে কারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার ১৪ বছরেও অমীমাংসিত রহস্য, জানা গেল নেপথ্যে কারণ

রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে নৃশংসভাবে খুন হন তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো শনাক্ত হয়নি হত্যাকারীরা; শেষ হয়নি তদন্তও।

সাগর সরোয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। বহুল আলোচিত এ হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সক্ষমতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে। সময়ের সঙ্গে বদলেছে তদন্ত সংস্থা, কিন্তু মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

অন্তর্বর্তীকালীন সরকারও কোনো কূল-কিনারা করতে পারেনি এ হত্যাকাণ্ডের। আগের মতোই তদন্ত কর্মকর্তা দিনের পর দিন আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোর আবেদন করছেন। এখন পর্যন্ত ১২৪ বার তদন্ত প্রতিবেদন দালিখের সময় বাড়িয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন আদালত। এমন নৃশংস হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত ১৪ বছরেও কেন শেষ করা যায়নি তার উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

পিবিআই’র তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলাটির সব আলামত ধ্বংস করা হয়েছে। ফলে কিছু ছবি ও ভিডিও ফুটেজ ছাড়া আর কোনো আলামত তাদের কাছে নেই। তদন্তের অগ্রগতির বিষয়ে টাস্কফোর্সের আহ্বায়ক পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল যুগান্তরকে বলেন, আমাদের দৃষ্টিতে যেসব বিষয় আগের তদন্ত কর্মকর্তারা বিবেচনায় নেননি, সেগুলোকে তদন্তের আওতায় আনা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্তের কাজ অলমোস্ট শেষ। তবে কারা খুন করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাগর-রুনীর সন্তান মেঘ ও তাদের স্বজনরা জানেন না আদৌ বিচার পাবেন কি না। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ছাত্রজনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ফের আশায় বুক বাঁধেন। তবে অন্তর্বর্তী সরকারের সময়েও তদন্তের কিনারা না হওয়ায় আমরা সন্দিহান হয়ে পড়েছি।

মামলার বাদী নিহত রুনীর ভাই নওশের আলম রোমান ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমে বলেন, এই দীর্ঘ সময়েও খুনিরা শনাক্ত না হওয়ায় আমরা হতাশ। বিগত সরকারের আমলেই বিচারের আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ভেবেছিলাম এবার হয়তো বিচার পাব। আমরা নতুন করে আশার আলো দেখছিলাম। কিন্তু এখনো কেউ শনাক্ত হলো না। আদৌ খুনিরা শনাক্ত হবে কিনা জানি না।

সাগর-রুনী হত্যার তদন্ত ও বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার গঠন করে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। বর্তমানে এ মামলাটি তদন্তের মূল দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে ২০১২ সালের ১৮ এপ্রিল এ মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। বছরের পর বছর তদন্ত করেও কোনো কূল-কিনারা করতে পারেনি র‌্যাব। পরে মামলাটি টাস্কফোর্সের অধীনে এলে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হককে।

তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ:

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। সশরীরে তাকে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত সোমবার (৯ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল নির্ধারণ করেন আদালত। এ নিয়ে আলোচিত এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৪ বার পেছাল।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনীকে হত্যা করা হয়। ওই রাতে এই সাংবাদিক দম্পতির ৫ বছর বয়সের একমাত্র শিশুপুত্র মেঘ বাসায় ছিলেন। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তদন্তকারী কর্মকর্তাদের কোনো তথ্য দিতে পারেনি সে। বর্তমানে মেঘের বয়স ১৯ বছর।

এ ঘটনায় নিহত রুনীর ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। হত্যার চার দিন পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয় র‌্যাবের কাছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর ও রুনী হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। পরবর্তীতে গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।’

বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থের বিষয়টি নজরে আসে। এত বড় অঙ্কের টাকা বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে আটক জামায়াত নেতা বেলাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলে দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলাম। এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই।’ তিনি আরও দাবি করেন, টাকার উৎস বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র তিনি পরে দেখাতে পারবেন।

এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতা টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন ‘প্রশিক্ষণবিহীন’ হওয়ার পরও নির্বাচনি দায়িত্ব পান। বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাদেরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্নীতিতে জড়িত যে কাউকেই তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে জানিয়ে বাহিনী আরও জানিয়েছে, রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে ‘একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা’ পাওয়ার পর দায়িত্ব থেকে সরানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্প্রতি হাতিরঝিলের ঘটনার অভিযোগ পাওয়ার পর নিবিড় তদারকি চালিয়ে এ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নির্বাচনি দায়িত্বের জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাও বাধ্যতামূলক। ভুয়া সনদধারী, অযোগ্য বা প্রভাবিত ব্যক্তির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।

এবার ভোটের মাঠের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে আনসারের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।

সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যার ১৪ বছরেও অমীমাংসিত রহস্য, জানা গেল নেপথ্যে কারণ নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ