৫ সেপ্টেম্বর থেকে ১১দলীয় জোটের ‘লং মার্চ টু চট্টগ্রাম’ শুরু
জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ–তেল–গ্যাস সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (২৩ই আগস্ট) সন্ধ্যায় ঢাকার মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসভবন থেকে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সম্মেলনে ১১দলীয় জোটের চারটি বিভাগীয় লং মার্চের পরিকল্পনার কথা বলেন। তিনি জানান, ৫ই সেপ্টেম্বর লং মার্চ টু চট্টগ্রামের পর ১৯ই সেপ্টেম্বর রংপুর, ৩১অক্টোবর খুলনা ও ২১ই নভেম্বর সিলেট অভিমুখে লং মার্চ করবে ১১দলীয় জোট।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইফ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, বর্তমান সরকারের কাছে দেশ পরিচালনার কার্যকর কোনো পরিকল্পনা নেই এবং তাদের অব্যবস্থাপনার কারণে দেশবাসী চরম ভুগছে। দেশের সার-সংকট শুরু হয়েছে কৃষকরা সার পাচ্ছে না। জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সংকট সর্বোচ্চ সীমালঙ্ঘন করেছে।
তিনি বলেন, সকলকে নিয়ে সরকারের একটি জাতীয় নীতি প্রস্তুত করা উচিত। ভারত সরকারের সাথে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে না।
পরিশেষে তিনি দেশের মানুষকে ১১দলীয় জোটের ডাকা লং মার্চে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

