ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ ছিল: জেডি ভ্যান্স
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মতবিরোধ থাকার কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এ মতপার্থক্য সত্ত্বেও ট্রাম্পের অন্যান্য নীতিগত সাফল্যকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
সাবেক হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসারের সঙ্গে এক আলোচনায় শুক্রবার এ কথা বলেন ভ্যান্স। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট বিষয়ে তার সঙ্গে আপনার মতবিরোধ থাকা সম্ভব। আমার মনে হয়, ওই বিষয়টি নিয়ে আমারও মতবিরোধ ছিল।’
ডানপন্থি ভাষ্যকার টাকার কার্লসনের সঙ্গে ভ্যান্সের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। কার্লসন ইরানের বিরুদ্ধে যুদ্ধের একজন প্রকাশ্য সমালোচক।
ভ্যান্স বলেন, যুদ্ধের বিষয়টি নিয়ে কার্লসন ‘ভীষণ, ভীষণ ক্ষুব্ধ’। এ নিয়ে তাদের মধ্যে ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ভ্যান্সের ভাষায়, ‘আমি জানি তিনি কেমন অনুভব করেন এবং আমি সেটা বুঝতে পারি।’
কার্লসন একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তবে ইরান যুদ্ধ নিয়ে তার সমালোচনা প্রশাসনের নীতির সঙ্গে তার মতপার্থক্যকে সামনে এনেছে।
Prokash Raj
নেপাল বা বাংলাদেশের মতো নয়, ভারতে সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক উপায়ে: প্রকাশ রাজ
কার্লসনের সঙ্গে আগের এক আলোচনার প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, তিনি কার্লসনকে ট্রাম্পের অন্যান্য অর্জনও বিবেচনায় নিতে বলেছিলেন।
ভ্যান্সের বক্তব্য, ‘আমি টাকারকে যা বলেছি, তা হলো একটি ভালো দিকের সঙ্গে কিছু খারাপ দিক থাকলে, খারাপ দিকের কারণে ভালো দিকটাকেও পুরোপুরি বাতিল করে দিয়ো না।’
তিনি আরও প্রশ্ন করেন, সীমান্ত বন্ধ রাখা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করার মতো পদক্ষেপগুলো কি ট্রাম্পের অর্জন হিসেবে স্বীকার করার মতো নয়?
ভ্যান্সের এই বক্তব্যে ইরান যুদ্ধ নিয়ে তার সম্ভাব্য মতপার্থক্যের পাশাপাশি ট্রাম্পের সামগ্রিক রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থনের বিষয়টিও উঠে এসেছে।
তবে আলোচনায় ভ্যান্স ইরান যুদ্ধের কোন নির্দিষ্ট সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। ফলে তার মন্তব্য থেকে যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গেলেও সেই মতবিরোধের সুনির্দিষ্ট বিষয়গুলো স্পষ্ট নয়।

