চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬ ৯:৫৪ পিএম
চাঁদাবাজ ধরিয়ে দেওয়ার তথ্য দিয়ে নিজেই করতেন চাঁদাবাজি

রাজধানীর আদাবরের শম্পা মার্কেট এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন জাহিদ জন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে কয়েকটি অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানগুলো ব্যর্থ হওয়ায় তথ্য পাচারের সন্দেহ তৈরি হয়। পরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে আভিযানিক দল জানতে পারে, জাহিদ নিজেই একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ।

এসআরবি-২ জানায়, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে জিজ্ঞাসাবাদের পর জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী আদাবর থানার শম্পা মার্কেট এলাকার একটি পরিত্যক্ত অফিসকক্ষ থেকে তার নিয়ন্ত্রণে রাখা বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তলটি উদ্ধার করা হয়।

এসআরবি-২ আরও জানায়, জাহিদ জন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তার পিসিপিআর যাচাই করে যাত্রাবাড়ী থানায় একটি দলবদ্ধ পরিকল্পিত হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...