বিশ্বের ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি : স্পিকার

নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৬ ৭:৪০ পিএম
বিশ্বের ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন। দেশের সম্পদ ও অর্থ লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাদের পতনের পর এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংসদীয় সংস্থা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়ে তোলা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও তারা বিদেশে বসে কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার মনে করেছিল, তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু তাদের সেই ধারণা বাস্তব হয়নি।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে স্পিকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক সংসদীয় সংস্থা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান তার একার নয়, বরং পুরো দেশের মানুষের সম্মান।

বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরে স্পিকার বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ার কারণে একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে অন্য কোনো সরকারের আমলে এমন নজির নেই। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে চুরি ও লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ বিদেশে নেওয়া হয়েছে এবং অর্থের প্রভাবে আইন-আদালতকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...