রাজশাহীতে ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা শেষে নগরের মিয়াপাড়া এলাকায় অবস্থিত মন্দিরটি পরিদর্শনে যান তিনি।
Advertisement
বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ধর্মসভা মন্দিরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিককে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
প্রধানমন্ত্রীর পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে ধর্মসভা মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মন্দির পরিদর্শন শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকে তাঁর চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে রংপুর সফর করেন প্রধানমন্ত্রী।

