বেলকুচিতে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত

নিউজ ডেস্ক
০১ নভেম্বর ২০২৬ ৬:০৯ পিএম
বেলকুচিতে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত

রেজাউল করিম , সিরাজগঞ্জ: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বনি আমিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকারসহ অন্যান্য অতিথিরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব কাউন্সিলের সদস্য ও বেলকুচি উপজেলা যুবদলের সদস্যসচিব আলম প্রামাণিক, রুকসানা জাহান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই দেশের সবচেয়ে বড় কর্মক্ষম জনগোষ্ঠী। তাদের মেধা, শ্রম, উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

বক্তারা বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের কারিগরি, প্রযুক্তিগত ও কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, পরামর্শ ও ঋণ সহায়তা কার্যক্রম তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী জনশক্তিতে পরিণত করা সম্ভব। এজন্য প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি যুবকদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ঋণ সহায়তা গ্রহণকারী যুবকদের উৎপাদনশীল কাজে অর্থের সঠিক ব্যবহার এবং নিজেদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বেলকুচির যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...