ঘাটাইলে দুই মাদক কারবারির ৩ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬ ৫:১২ পিএম
ঘাটাইলে দুই মাদক কারবারির ৩ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের নবরত্নবাড়ি এলাকায় মাদক বিক্রির প্রস্তুতিকালে মানিক মিয়া (৪০) ও কানন মিয়া (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলায় জামুরিয়া ইউনিয়নের নবরত্নবাড়ি এলাকায় মাদক বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করেন।

দন্ডিতরা হলেন— ওই গ্রামের শাহালম মিয়ার ছেলে কানন ও আব্দুল বাছেদের ছেলে মানিক।
স্থানীয়দের অভিযোগ, মানিক মিয়া ও কানন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক বিক্রির অপরাধে এর আগেও তারা একাধিকবার কারাভোগ করেছেন বলে জানা গেছে। মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য তাদের একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নূরী তাসমিন ঊর্মি প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং জনমনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...