ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ২:৫২ পিএম
ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা: ১১ বছর পর এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে বুধবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবারই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সে সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিনও। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে পুলিশ জনিকে হত্যা করে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে জনির বাবা মো. ইয়াকুব আলী এ ঘটনায় মামলা করেন। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনকে নামোল্লেখসহ আসামি করা হয়, যাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...