বাঁচতে চায় সাত বছরের শিশু আনাবিয়া, প্রয়োজন ৪০ লাখ টাকা
হাসিখুশি আর খেলাধুলায় মেতে থাকার বয়সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাত বছরের শিশু আনাবিয়া। বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের সোহেল শেখ ও প্রিয়া আক্তার দম্পতির মেয়ে আনাবিয়া দেড় বছর ধরে ‘সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ নামক জটিল রোগে আক্রান্ত। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা থমকে গেছে।
চিকিৎসকদের মতে, শরীরে পর্যাপ্ত রক্তকণিকা ও প্লাটিলেট তৈরি না হওয়ায় প্রায়ই আনাবিয়ার প্লাটিলেট এক থেকে দুই হাজারে নেমে আসে। এতে তার দাঁত ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত শিশুটিকে শতাধিকবার রক্ত দিতে হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনাবিয়াকে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে ‘বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যার জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।
আনাবিয়ার মা প্রিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে মেয়ের চিকিৎসার খরচ চালিয়ে আসছিলেন তার খালা লাইজু আক্তার রিয়া। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব।
খালা লাইজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আনাবিয়াকে আমি সন্তানের মতো ভালোবাসি। ও বাঁচতে চায়, খেলতে ও স্কুলে যেতে চায়। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই।’
অকালে যেন এই শিশুটি ঝরে না যায়, সেজন্য পরিবারটি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি এবং দেশ-বিদেশের হৃদয়বান বিত্তবানদের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (ব্যক্তিগত): ০১৪০২১৮৮৪৮৩
ব্যাংক হিসাব: লাইজু আক্তার, হিসাব নম্বর: ২২২৩৭০৮৬৩৮০০১, সিটি ব্যাংক পিএলসি, মগবাজার শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৩১৪০৭১৫০৪

