পুলিশ কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে- শেখ রাসেল

অনলাইন নিউজ ডেস্ক
০১ মার্চ ২০২৫ ৫:০৬ পিএম
পুলিশ কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে- শেখ রাসেল

কে কী করেছে? কে আওয়ামী লীগ করেছে? সেটা না। সবাই আমাদের মানুষ।

সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। অনুমতির বাইরের যদি কাউকে অ্যারেস্ট করে, আমরা থানা ঘেরাও করবো সবাই মিলে। কেডা কোন দল করেছে এটা দেখার বিষয় না।

এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে ফেসবুকে এক মিনিট ২২ সেকেন্ডের এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই বক্তব্য দেয়া শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সস্টিটিউটের উপ-পরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল। সেসময় অনেকেই তার বক্তব্য ফেসবুকে লাইভ করেন। রাতে তা ভাইরাল হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে জোড় হাত করে আবেগ আপ্লুত হয়ে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমরা অনেক অন্যায় করেছি। আমরা ছোট ছিলাম। আমরা বুঝিনি। আমাদের ক্ষমা করে দিন। আমাদের সঙ্গে থাকেন। আর একটা অন্যায়ও আমাদের দ্বারা হবে না। মেহেদী রুমীর নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চৌরঙ্গী গড়ার ইচ্ছা আমার। আমাদের সঙ্গে থাকেন। ’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে শেখ রাসেল বলেন, ‘বক্তব্যটির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তারপরও যদি অন্য কিছু বলে থাকি তা হলো স্লিপ অব টাং। ’

তবে শেখ রাসেলের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। তিনি ফোনে বলেন, এ ধরনের বক্তব্য দেয়া ঠিক হয়নি। বিএনপি তা সমর্থন করে না।

এমন বক্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, পুলিশ কারো কথা মতো চলবে না। পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...