বেলকুচিতে মা ফিজিও থেরাপি সেন্টারর উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে মা ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চালা বাজার এলাকায় এম এম প্লাজা ভবনের নিচতলায় এ সেন্টারের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ফিজিও থেরাপি সেন্টারের উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি সরকারি কলেজের সাবেক উপাধক্ষ্য আলহাজ্ব সাইদুল আলম।
ফিজিও থেরাপি সেন্টারের পরিচালক তন্ময় গোস্বামী (পিটি)’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম (শফি), বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর সাহা,
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমৃত নারায়ন দে, বেলকুচি সরকারি কলেজের সাবেক অধ্যাপক এস পাল, আলহাজ্ব এন্তাজ আলী প্রামাণিকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেন্টারের পরিচালক তন্ময় গোস্বামী বলেন, শুধু ওষুধ খেলে সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি যেমন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তেমনি অনেক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। বিশেষ করে এই সেন্টারে পক্ষাঘাতগ্রস্ত রোগী, বাতব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং অটিজমে আক্রান্ত শিশুসহ বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসার সুবিধা রয়েছে। এই ফিজিওথেরাপি সেন্টারে স্বল্প খরচে সব ধরনের থেরাপি প্রদান করা হবে বলে জানান তিনি।
প্রধান অতিথি আব্দুর রাজ্জাক মন্ডল বক্তব্যে বলেন, তন্ময় গোস্বামীর এ উদ্যোগকে স্বাগতম জানাই। আমাদের এলাকায় এ ধরনের চিকিৎসা খুবই প্রয়োজন ছিলো। এই ফিজিও থেরাপির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।

