রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ‘কৃষিই সমৃদ্ধি-আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কৃষক গ্রুপ গঠন করা হয়েছে।
কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া এবং কৃষিপণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যেই এ কৃষক গ্রুপ গঠন করা হয়।
সম্প্রতি আয়োজিত কৃষক গ্রুপ গঠন কার্যক্রমে স্থানীয় কৃষকরা অংশ নেন। এ সময় কৃষকদের বিভিন্ন সমস্যা, চাষাবাদে প্রতিবন্ধকতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, সমন্বিতভাবে কৃষিকাজ পরিচালনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফলন বাড়ানো সম্ভব। একই সঙ্গে কৃষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ইউনিয়নটির অধিকাংশ মানুষ কৃষিজীবী এবং ধান, গম, পাট, সরিষা, আলু, পটলসহ বিভিন্ন ফসল এখানে উৎপাদিত হয়। ইউনিয়নটিতে এক, দুই ও তিন ফসলি জমির উল্লেখযোগ্য পরিমাণ রয়েছে।
কৃষক গ্রুপের সদস্যরা আশা প্রকাশ করেন, প্রকল্পের আওতায় নিয়মিত কৃষি পরামর্শ, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হলে এলাকার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে উন্নত বীজ, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন, পানি ব্যবস্থাপনা ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে কৃষকরা আরও দক্ষ হয়ে উঠবেন।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের সংগঠিত করে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, উমর মজিদ ইউনিয়ন রাজারহাট উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত এবং ইউনিয়নটির অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

