সিরাজগঞ্জে সরকারি মহিলা কলেজের নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষার বিদ্যাপীঠ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের ‘নবীনবরণ-২০২৫ ও আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
কলেজ কতৃপক্ষের আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা হতে দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে-নানা উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজে’র অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
এসময়ে তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজে’র প্রাক্তন উপাধ্যক্ষ (অব.) ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র সাবেক কৃতিশিক্ষার্থী প্রফেসর জাহানারা বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই কলেজ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস রাখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন অতিরিক্ত সচিব আবু সাঈদ সেখ, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শরীফ-উস-সাঈদ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,অনুষ্ঠানের পরিচালনা কমিটি’র আহ্বায়ক প্রফেসর মোঃ বদরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময়ে অত্র কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক- কর্মকর্তা- কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ নবীন-বরণ অনুষ্ঠানে ফেস্টুন, ব্যানারে রঙিন করে তোলে কলেজ প্রাঙ্গণ আর শিক্ষার্থীরা নতুন সাজে শাড়ী আর বাহারী পোশাক পড়ে গোলাপ,গাধা আর রজনীগন্ধা ফুল নিয়ে অতিথিদের শুভেচ্ছা ও স্বাগতম জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন, আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই আনন্দঘন উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু ওয়ায় তারা বিশেষভাবে অনুপ্রাণিত। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।




আপনার মতামত লিখুন