খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

জেনে নিন নতুন বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিস্তারিত

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
জেনে নিন নতুন বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিস্তারিত

এইচএসসি পরীক্ষার ফল পাওয়ার পর উচ্চশিক্ষা নিতে প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থীরা, নেমেছে ভর্তিযুদ্ধে। ইতোমধ্যে দেশের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেনি। এজনজরে জেনে নেয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে এবং কখন।

ঢাকা বিশ্ববিদ্যালয়:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ২৯ অক্টোবর বেলা ১২টায় শুরু হয়। ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ৫টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ ডিসেম্বরে আয়োজন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬ ডিসেম্বর। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ছিলো ২৯ নভেম্বর। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আইবিএ ইউনিটের ভর্তি গত ২৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৬ নভেম্বর (রোববার) সকাল ১০টা থেকে এবং শেষ হয় ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি নেয়া হয় ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া E, T, S ও R চিহ্নিত আবেদনপত্রগুলো ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে জমা নেয়া হয়। আগামী ১০ জানুয়ারি-২০২৬ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী ১ জানুয়ারি থেকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ২০২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় ২৩ নভেম্বর। এ কার্যক্রম চলে গত ৭ ডিসেম্বর পর্যন্ত। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত বিভাগগুলো এ ইউনিটে, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো বি ইউনিটে পরীক্ষা হবে। এ ছাড়া আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো সি ইউনিটে, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো ডি ইউনিটে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলো ই ইউনিটে, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ সি-১ ইউনিটে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে চার ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করেছে প্রশাসন। ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম জরুরি সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর, এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ২৬ ডিসেম্বর (শুক্রবার), সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি (শুক্রবার) এবং বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) ৩০ জানুয়ারি (শুক্রবার)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের, ১৭ জানুয়ারি ‘এ’ (মানবিক) ইউনিটের ও ২৪ জানুয়ারি ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়:

খুলনা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন চলেছে ৭ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৮ ও ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। এবং ২০২৬ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে ‘এ’ ইউনিটে অংশ নেবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং ‘বি’ ইউনিটে থাকবে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো।

পরদিন ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয় ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা।

ইসলামী বিশ্ববিদ্যালয়:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাধারণত গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষা নেয়, তবে ডি ইউনিট: ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়া হয়। কিন্তু ডি ইউনিটের পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইবি এই ভর্তি কমিটির নেতৃত্বে থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি আবেদন শুরু হয় ১ ডিসেম্বর। চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৬ জানুয়ারি ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে দ্বিতীয়বারের মতো স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। এদিন সকালে বহুনির্বাচনী পরীক্ষা হবে। একই দিন বেলা পৌনে একটা থেকে অঙ্কন অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ হবে। ১৫ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করেছেন। ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তবে থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়, শেষ হয় ১৩ ডিসেম্বর বিকেল ৫টায়। ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে।

বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদে মোট ১৪টি বিভাগে এক হাজার ২৩৫টি আসনে স্নাতক শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ২০ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মুক্তহস্ত অংকন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ দেয়ার নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা হবে ১ ফেব্রুয়ারি।

বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। ৮ ডিসেম্বর শুরু হওয়া এ প্রক্রিয়া চলে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তিতে ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের অংশ নেয়ার সুযোগ থাকছে। তবে জন্য ৪ নম্বর কাটা যাবে।

তথ্যানুযায়ী এ বছর এক হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।

‘এ’ ইউনিটের পরীক্ষা ১৩ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এবছর এ-১ (বিজ্ঞান) ইউনিট এক হাজার ২৫০ টাকা। এ-২ (আর্কিটেকচার) এক হাজার ৪০০ এবং ‘বি’ ইউনিট এক হাজার ২০০ টাকা।

ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট এক হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন শেষ হয়েছে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর। এ পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। অনলাইনে ফরম পূরণ শুরু হয় সকাল ১০টা থেকে। শিক্ষার্থীরা ফরম পূরণ করেন ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেয়া যায় ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবছর প্রথমবারের মত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে হয় এবারের পরীক্ষা।

গুচ্ছ ভর্তি পরীক্ষা:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আসন সংখ্যাও আগের বছরের মতোই থাকবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ভর্তি কমিটি। যেখানে ন্যূনতম পাস নম্বর ৩০ এবং নেগেটিভ মার্কিং (প্রতি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ কাটা) থাকবে এবং এবার সেকেন্ড টাইমের সুযোগও রাখা হয়েছে।

গুচ্ছ ভর্তিতে আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত ২৪ ডিসেম্বর এ আবেদন শেষ হওয়ার কথা ছিলো।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনলাইন আবেদন শুরু হয় ২৫ নভেম্বর থেকে। চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস:

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। গত ১০ নভেম্বর থেকে শুরু হয়ে আবেদন চলে ৩০ নভেম্বর পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন নেয়া হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি:

দেশের একমাত্র সরকারি মেরিটাইম বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি। এবারের ভর্তি প্রক্রিয়ায় সেকেন্ড টাইম সুযোগ ও নেগেটিভ মার্কিং বজায় রাখা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরুর সম্ভব্য তারিখ ২০২৬ খ্রিষ্টাব্দের মে মাসে। গত ১৫ ডিসেম্বর স্নাতক পর্যায়ের ভর্তির এ আবেদন করার শেষ দিন।

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ:

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষা-২০২৫ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে বিস্তারিত পরবর্তীতে ওয়েবসাইটে হালনাগাত করা হবে বলে এতে বলা হয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি:

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। অনলাইনের মাধ্যমে এবারের আবেদন নেয়া হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হতে পারে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। গত বছরের মত এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আবেদন ২৩ নভেম্বর শুরু হয়। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড