পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও এক জনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬ সহকারী প্রক্টর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে ৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি ১ জনও আজ কিংবা কালের মধ্যে জমা দিবেন, বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ৬ জনকে পদত্যাগের জন্য বলা হয়েছে। হয়ত সেই প্রেক্ষিতেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশে একাধিক সহকারী প্রক্টরের সঙ্গে কথা হলে তারা জানায়, তাদেরকে পদত্যাগের ইঙ্গিত দেয়া হয়েছে। যার ফলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
পদত্যাগের সিদ্ধান্ত নেয়া এই ছয় সহকারী প্রক্টর হলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
তাদের মধ্যে মুহাম্মদ মাহবুব কায়সার, অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এবং আতিয়া সানজিদা শর্মী ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, দুজন গতকাল পদত্যাগ করেছেন। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। আজ অফিসে এসে দেখলাম, কিছুক্ষণ আগে আরও ৩ জন পদত্যাগপত্র দিয়ে গেছেন।

